
ডুইট ডগলাস প্রথমবার প্রশ্নটা বুঝতে পারলেন না।
—আপনি কী বলছেন...বুঝিনি।
বললাম, ‘ফরমালিন চেনেন?’ এবার ডুইট প্রশ্ন বুঝলেন, কিন্তু ফরমালিন চিনলেন না, ‘ফরমালিন...সেটা কী?
তাঁকে ফরমালিন চিনিয়ে পরামর্শ দিলাম, ‘ফলের জুসের ব্যবসা করেন, আর ফরমালিন চেনেন না! এটা এক ধরনের রাসায়নিক পদার্থ। আপনি যদি আপনার ফলে ভালো করে ফরমালিন মিশিয়ে দিতে পারেন, ফল এক মাসেও পচবে না। আপনার অনেক লাভ।’
ডুইট খুশি হয়ে বললেন, ‘তাই নাকি! খুবই ভালো।’
—তবে একটা সমস্যা আছে।
ডুইট: কী?
—সেই ফরমালিনমিশ্রিত ফলের জুস যাঁরা খাবেন, তাঁদের ক্যানসার হওয়ার আশঙ্কা প্রবল।
রসিকতাটা এতক্ষণে বুঝতে পেরে ডুইট হাসতে হাসতে বলতে লাগলেন, ‘না না না...আমার তাজা ফলই ভালো।’
আর্নস ভেল স্টেডিয়ামের কাছেই দোকানটা—চিল স্পট বার অ্যান্ড গ্রিল। বিয়ার, মদ, কাবাব, ভাত, বাংলাদেশি স্বাদের গরু, খাসি—সবই পাওয়া যায়। সঙ্গে পাওয়া যায় আম, স্ট্রবেরি, কমলাসহ অনেক রকম ফলের জুস। প্রতি গ্লাস ৩ ইসি (ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার), বাংলাদেশি টাকায় ৮০ টাকার মতো। এক গ্লাস স্ট্রবেরি জুস স্ট্র দিয়ে টানতে টানতে আক্ষেপ করলাম, আহারে ফল, বাংলাদেশে গিয়েই কেন তুই বিষ হয়ে যাস!
তবে বাংলাদেশের সবই খারাপ নয়। এই যেমন ধরুন, বাংলাদেশের স্টেডিয়ামগুলোয় ঢোকার সময় আপনাকে অসংখ্য ফার্নিচারের দোকান, ঢোকার রাস্তায় রেখে দেওয়া ফ্রিজ-টেলিভিশন মাড়িয়ে আর ওপর থেকে পড়া ‘নোনা জলে’ ভিজে হয়তো ঢুকতে হলো। তবে তাতে জীবনের ঝুঁকি কিন্তু নেই। সেদিক দিয়ে আর্নস ভেল ‘ভয়ংকর’ এক মাঠ।
এখানে এলে অবশ্যই মাঠের দিকে সাবধানে এগোবেন। বিমানের নিচে চাপা পড়ার ভয় আছে যে! অবশ্য আপনি সাবধান থাকলেও অঘটন যে ঘটবে না, সেই নিশ্চয়তা নেই। লিয়াট এয়ারলাইনসের পাইলট সাহেব যদি রানওয়ে মনে করে স্টেডিয়ামে ঢোকার রাস্তাটাতেই নেমে পড়েন, আপনার কী দোষ!
ই টি জশুয়া বিমানবন্দর আর আর্নস ভেল মাঠ লাগোয়া। তারের বেড়ার এই পাশে মূল সড়ক থেকে আর্নস ভেলে ঢোকার পিচঢালা রাস্তা, ওই পাশে রানওয়ে। একটু পর পরই পাখির মতো বিমানের ওঠা-নামা দেখা যায় মাঠ থেকে। পাইলটও যেহেতু মানুষ, ভুল করতেই পারেন। আবার ক্রিস গেইলের বিশাল এক ছক্কা গিয়ে যদি রানওয়েতে নামতে থাকা বিমানের জানালার কাচ ভেঙে দেয়, তাঁকেও দোষ দেওয়া যাবে না। পাশাপাশি থাকলে একটু-আধটু লাগেই।
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটুকু ক্ষতি সেন্ট ভিনসেন্ট মেনেও নেবে বলে মনে হয়। ১৯৮১ সাল থেকে এই পর্যন্ত সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল মাঠে টেস্ট হয়েছে মাত্র দুটি, ওয়ানডে ২৩টি এবং টি-টোয়েন্টিও দুটি। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য রীতিমতো বুভুক্ষু এখানকার মানুষ। আবারও সেই ফলের দোকানের ডুইট ডগলাসের কথায় ফিরে যেতে হচ্ছে। বাংলাদেশ থেকে ক্রিকেট কাভার করতে এসেছি জেনে স্বাগত জানিয়ে বললেন, ‘আমরা এখানে দুটি জিনিস খুব বেশি করি। ক্যারিবিয়ান রাম পান করি আর ক্রিকেট দেখি।’
পরশু এ রকমই দুই ক্রিকেট দেখনেওলাকে পাওয়া গেল বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পাশে। গভীর মনোযোগে মুশফিকুর রহিমের ক্যাচ প্র্যাকটিস দেখছিলেন। বয়সে তরুণ মানুষটির নাম অ্যাঙ্গাস, সঙ্গে প্রৌঢ়ত্বের কাছাকাছি চলে যাওয়া লোকটি বেনেট কিং। কথাবার্তায় মনে হচ্ছিল এরা স্থানীয় ক্রিকেট সংস্থার কেউ। আর্নস ভেলের স্যার ফিলিপ ভিয়েরা স্ট্যান্ডের ফিলিপ ভিয়েরা যে একসময় ক্রিকেটের খুব দিলদরিয়া পৃষ্ঠপোষক ছিলেন, সেটা তাঁরা জানেন। চেনেন ফ্রাঙ্ক টমাস স্ট্যান্ডের ফ্রাঙ্ক গিলবার্ট টমাস সাহেবকেও, যিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন মাত্র একটি। তাঁরা জানেন সিপিএলের দল বারবাডোজ ট্রাইডেন্টে একজন বাংলাদেশি খেলোয়াড় খেলেছেন, সাকিব আল হাসান তাঁর নাম।
কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেসই করে বসলাম, ‘আপনারা কি সেন্ট ভিনসেন্ট ক্রিকেট সংস্থার কেউ?’ অ্যাঙ্গাসের নির্লিপ্ত উত্তর, ‘আমরা ড্রাইভার, গাড়ি চালাই। আমার মাইক্রোবাসে করে বাংলাদেশ দলের কোচরা আসা-যাওয়া করেন। উনি (বেনেট কিংকে দেখিয়ে) চালান টিম বাস।’
হকচকিত ভাবটা সামলে কথা চালিয়ে নিলাম, ‘ক্রিকেট ভালো লাগে...?’
বেনেট: ভালো লাগে বলেই তো অনুশীলনও দেখছি। এখানে খুব কম আন্তর্জাতিক ম্যাচ হয়। আমরা খেলা দেখার সুযোগই পাই না।
সৃষ্টিকর্তারই বুঝি খেলা এটা! বঞ্চনার ভাগ সবাইকেই দেবেন। কারও কপালে ক্রিকেট দেখা জুটবে না, কেউ পাবে না তাজা ফল। অ্যাঙ্গাস-বেনেটদের দুর্ভাগ্য, ফল-মূল, মাছ-মাংসের মতো তাদের ক্রিকেটটাও ফরমালিনমুক্ত। নইলে পুরোনো খেলার স্মৃতিগুলোও কতই না তাজা থাকত!