স্মৃতির আয়নায় টফেল
দিনের পর দিন সঠিক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ একটা বাজে সিদ্ধান্তই বারোটা বাজিয়ে দিতে পারে ভাবমূর্তির। আম্পায়ারিং করে মানুষের মনে জায়গা পাওয়া খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজটা সাফল্যের সঙ্গে করতে পেরেছেন সাইমন টফেল। আমজনতা থেকে শুরু করে ক্রিকেটারদের কাছেও দারুণ শ্রদ্ধেয় এই আম্পায়ার গতকাল শেষবার দাঁড়িয়েছিলেন মাঠে। পরিবারকে সময় দিতে আর আইসিসির আম্পায়ার ট্রেনিং ম্যানেজারের দায়িত্ব নিতে ছেড়েছেন আম্পায়ারিং। বিদায়বেলায় স্মৃতির ঝাঁপি মেলে ধরে বলেছেন স্মরণীয় সব ম্যাচ আর মুহূর্তগুলোর কথা।১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিচালনা করেছেন ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি। কিন্তু টফেলের কাছে আলাদা হয়ে আছে ২০১১ বিশ্বকাপের ভারত-পাকিস্তান সেমিফাইনাল, ‘স্মরণীয় ম্যাচ ও মুহূর্তের অভাব নেই। কিন্তু ২০১১ বিশ্বকাপে মোহালিতে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ছিল সবচেয়ে রোমাঞ্চকর। দুই দেশের প্রধানমন্ত্রী ছিলেন মাঠে, ম্যাচটি আসলে ছাড়িয়ে গিয়েছিল ক্রিকেটের সীমানা। আমার মতে ২০১১ বিশ্বকাপে দুটি ফাইনাল হয়েছিল, ওই সেমিফাইনাল আর মুম্বাইয়ের ফাইনাল।’১৯৯৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক, টেস্ট আম্পায়ারিংয়ের অভিষেক পরের বছর অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ বক্সিং ডে টেস্টে। ক্যারিয়ারের কঠিনতম ম্যাচ বলছেন ২০০৬ সালে ইংল্যান্ড-ভারত মুম্বাই টেস্টটিকে, ‘ওই পাঁচ দিন ছিল দীর্ঘতম পাঁচটি দিন কারণ শরীরটা খুব খারাপ ছিল। পাকস্থলীর পীড়ায় আক্রান্ত ছিলাম। শারীরিক ও মানসিকভাবে ওই টেস্ট ছিল কঠিন পরীক্ষা।’২০০৯ সালের সেই কুখ্যাত লাহোর হামলার সাক্ষীও তিনি। সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে গেছেন অল্পের জন্য। ৪১ বছর বয়সী আম্পায়ার জানালেন, ওই ঘটনা তাঁকে বদলে দিয়েছে অনেকটাই, ‘ওই ঘটনায় আমি অনেক শিখেছি। আমার ভাবনার জগৎটা বদলে দিয়েছে। জীবনে কোনটি গুরুত্বপূর্ণ, সেটি বুঝতে পেরেছি।’ ওয়েবসাইট।