স্মৃতির আয়নায় টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎকর্ষের প্রতিশব্দ কী? প্রসঙ্গ যদি হয় ক্রিকেট, তবে উৎকর্ষের আরেক নাম অবশ্যই শচীন টেন্ডুলকার। সেই উৎকর্ষ অর্জনের উপায় বাতলে দিলেন টেন্ডুলকার স্বয়ং। প্রকৃতি প্রদত্ত প্রতিভার সঙ্গে অধ্যবসায় ও লক্ষ্যে স্থির থাকা। তবে এটাও বলছেন, উৎকর্ষের চূড়ান্ত বিন্দু ছোঁয়া অসম্ভব।পুনেতে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের দল প্রতাপগড় ওয়ারিয়র্সের ক্রিকেটারদের উৎসাহ দিতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট-দেবতা। দলের অধিনায়ক পরাগ মোরে ও কোচ রঞ্জিত পান্ডের হাতে তুলে দিয়েছেন একটি শুভেচ্ছা ব্যাট। নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে উঠতি ক্রিকেটারদের বুঝিয়েছেন পরিশ্রমের গুরুত্ব। শুনিয়েছেন কঠিন সময়ে লড়াইয়ের গল্প। আর হাজারো ব্যক্তিগত অর্জনের চেয়ে ওপরে রেখেছেন দলীয় অর্জনকে।২০০৩ সালকে বলেছেন নিজের ক্যারিয়ারের কঠিনতম বছর। বিশ্বকাপ কেটেছিল স্বপ্নের মতো, গড়েছিলেন এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড (৬৭৩)। কিন্তু এর পরই শুরু চোটের সঙ্গে লড়াই, পরে সেই লড়াইয়ে জয়, ‘প্রথমে গোড়ালির চোট, পরে আঙুলের...২০০৩ ছিল আমার জন্য চরম হতাশার এক বছর। পাঁচ মাস আমি ব্যাটই ধরতে পারিনি। পুনর্বাসনের পর হঠাৎ আবিষ্কার করলাম আমার টেকনিকে কিছু পরিবর্তন এসেছে, যেটা আমি নিজে করিনি। খুব সহজেই আউট হয়ে যাচ্ছিলাম, কারণ অবচেতন মনে চাইছিলাম যেন আঙুলে আঘাত না লাগে। এই খুঁত সারাতে ঘণ্টার পর ঘণ্টা নেটে কাটিয়েছি। এই পরিশ্রমের যে ফলটা পেলাম, সেটাই আমাকে অধ্যবসায়ের মূল্য নতুন করে শিখিয়েছে। প্রতিভা দিয়ে হয়তো একটা পর্যায় পর্যন্ত যাওয়া যায়। বাকিটা নির্ভর করে কঠোর পরিশ্রম, সাফল্যের তৃষ্ণা ও তৃষ্ণা পূরণের আকাঙ্ক্ষার ওপর।’এসেছে উৎকর্ষ ছোঁয়ার প্রসঙ্গ। টেন্ডুলকারের মতে, এই ভাবনাকে প্রশ্রয় দেওয়াই বড় একটা চাপ, ‘উৎকর্ষের চূড়ান্ত বিন্দু ছোঁয়া অসম্ভব। এটা সম্ভব নয় বুঝতে পারলেই চাপ অনেক কমে যাবে। বড় ম্যাচের আগে আমি সব সময় মানসিকভাবে ফুরফুরে থাকার চেষ্টা করি। নেতিবাচক ভাবনাকে মাথায় ঢুকতে দিই না, বর্তমানেই থাকার চেষ্টা করি।’ সফল ক্রিকেটার হওয়ার আরেকটা টোটকাও দিয়েছেন, ‘সমস্ত আবেগ দিয়ে খেলাটাকে ভালোবাসতে হবে। তবে ওই আবেগ যেন সঠিক পথে চালিত হয়। আমার ক্যারিয়ারে সঠিক পথে রেখেছিলেন আমার ভাই অজিত, ভীষণ গুরুত্বপূর্ণ অবদান ওর।’ব্যক্তিগত অর্জন-রেকর্ডে ক্রিকেট ইতিহাসে তাঁর ধারেকাছে কেউ নেই। কিন্তু ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন মানেন ভারতের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা ও বিশ্বকাপ জয়কে। নিজের এই দর্শনকে সঞ্চারিত করলেন উত্তরসূরিদের মাঝেও, ‘ব্যক্তিগত অর্জন যতক্ষণ দলকে সহায়তা করছে, ততক্ষণই কেবল ভালো। এটা দলীয় খেলা, দলীয় সমঝোতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো একজন হয়তো একটি-দুটি ম্যাচ জেতাতে পারে, কিন্তু পুরো টুর্নামেন্ট জেতাতে পারবে না। দলের প্রতি এমন নিবেদিতপ্রাণ হওয়া উচিত, যাতে সতীর্থদের শ্রদ্ধা আদায় করা যায়।’সেই ছেলেবেলায় রমাকান্ত আচরেকারের ক্রিকেট কারখানায় যাওয়ার পর থেকেই জীবনটা হয়ে গেছে ক্রিকেটময়। ক্রিকেটের জন্য সামাজিক জীবনে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, শুনিয়েছেন সেই গল্পও। আর কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের প্রতি, ‘যখন ক্রিকেট খেলি না, পুরো সময়টাই পরিবারকে দিই। আমার পরিবার আমার চাপ ও দায়িত্ব বুঝতে পারে, আমাকে সব সময়ই সমর্থন দিয়ে এসেছে। আমার জন্য এটা ছিল বড় এক পাওয়া।’ ওয়েবসাইট।