স্মৃতির আয়নায় রণজিৎ বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণজিৎ বিশ্বাস
রণজিৎ বিশ্বাস

কান্নার দমকে কথা বলতে পারছিলেন না। বারবার চোখ মুছলেন। পরিবেশটাও ভারী হয়ে উঠল। সদ্য প্রয়াত ক্রীড়ালেখক রণজিৎ বিশ্বাসের একমাত্র মেয়ে উপমা বিশ্বাস শুধু বলতে পারলেন, ‘আপনাদের অনেকেরই তিনি সহকর্মী, শিক্ষক, শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু উনি আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ।’
গত ২৩ জুন না-ফেরার দেশে চলে গেছেন সাবেক সচিব রণজিৎ বিশ্বাস। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নন, ক্রীড়ালেখকই যাঁর বড় পরিচয়। ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য। কাল বিওএ ভবনে সমিতি আয়োজিত স্মরণসভায় রণজিৎ বিশ্বাসকে নিয়ে স্মৃতিচারণা করেন বন্ধু, স্বজন, সহকর্মীসহ অনেকে। যেটিতে ফুটে উঠল লেখক রণজিৎ বিশ্বাসের সঙ্গে মানুষ রণজিৎ বিশ্বাসের অসাধারণত্বও।
আত্মীয় না হয়েও আত্মার আত্মীয় হয়ে ওঠা প্রিয় ‘বাদল মামা’ ড. মোহিত উল আলমের বর্ণনায় উঠে এল রণজিতের শিক্ষাজীবনের সংগ্রামী গল্প। ছাত্রজীবনে রণজিৎ বিশ্বাস যে ব্যান্ড দল সোলসের ম্যানেজার হিসেবে কাজ করেছেন—এই অজানা তথ্যও জানা গেল তাঁর কাছ থেকে। মোহাম্মদ কামরুজ্জামান, সানাউল হক খান, জালাল আহমেদ চৌধুরী, ইকরামউজ্জমান, রকিবুল হাসান,  সমিতির সভাপতি মোস্তফা মামুন,  সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান, তাঁর বন্ধু শাহাবুদ্দিন নাগরী তুলে ধরলেন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রণজিৎ বিশ্বাসের নানা দিক।
সিনিয়র ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার রণজিৎ বিশ্বাসের হাতের লেখায় মুগ্ধতার কথা উল্লেখ করে বললেন, ‘রণজিৎদার লেখা দেখে বলতাম, আমার হাতের লেখা কেন আপনার মতো না? বলতাম, আপনার হাতের লেখাটা পত্রিকায় ছেপে দিতে ইচ্ছে করে।’
বাল্যবন্ধু নুরুস সাফা চৌধুরীর কথায় উঠে এল রণজিৎ বিশ্বাসের চাকরিজীবনের নানা ঘটনা। ছিলেন বিনয় আর ভদ্রতার প্রতিমূর্তি। নুরুস সাফা চৌধুরী জানালেন, ‘সচিবালয়ে ওকে সবাই মাটির সচিব বলত।’ যুগান্তর-এর ক্রীড়া সম্পাদক পারভেজ আলম চৌধুরী স্মৃতিচারণা করে বলছিলেন, ‘তাঁর লেখা যেন সেলিম-জাভেদের স্ক্রিপ্ট। সবকিছু একেবারে গোছানো। ঠাট্টা করে বলতাম, আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখতে পারতেন। তাঁর লেখা অসাধারণ। ক্রীড়ালেখক সমিতি যেন তাঁর সব লেখার সংকলন বের করে।’

প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র স্মৃতিচারণায় ফিরে গেলেন অনেক বছর পেছনে, ‘রণজিৎদার লেখা পড়ে বড় হয়েছি। রণজিৎদার সঙ্গে যখন প্রথম একটা ম্যাগাজিনে আমার লেখা ছাপা হলো, তখন আমি কুয়েটের (সে সময়কার খুলনা বিআইটি) ছাত্র। সেই আনন্দে বন্ধুদের মিষ্টি খাইয়েছিলাম।’ এরপর যোগ করেন পেশাদার অভিজ্ঞতার কথা, ‘বিশেষ সংখ্যায় শেষ মুহূর্তে কোনো লেখার প্রয়োজন হলে রণজিৎদার চেয়ে নির্ভরতার জায়গা আর ছিল না। তাঁর লেখার শিরোনাম, একটা লাইন পড়লেই বোঝা যেত, এটি আদি এবং অকৃত্রিম রণজিৎ বিশ্বাস। তাঁর কথাবার্তা, অঙ্গভঙ্গি সবকিছু থেকেই রুচির বিচ্ছুরণ ঘটত।’ আরেক গুণী লেখক জালাল আহমেদ চৌধুরী বললেন, ‘তিনটি শব্দের মাধ্যমে তাঁকে বর্ণনা করা যায়—সুরুচি, শুদ্ধাচার ও সৃষ্টিশীলতা।’ রকিবুল হাসান রণজিৎ বিশ্বাসকে ‘হিরো’ বলে আখ্যায়িত করে বললেন, ‘হিরোজ নেভার ডাই। রণজিৎদা আমাদের হিরো।’

প্রয়াত শ্বশুর সম্পর্কে জামাতা অনিরুদ্ধ ভদ্র বললেন, বিয়ের আগে হবু শ্বশুরের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে তাঁকে ‘স্যার’ বলে ডেকেছিলেন। বিয়ের পর ডেকেছেন ‘স্যার বাবা’। খেলা নিয়ে শ্বশুর-জামাইয়ের তর্কও হতো, ‘আমি ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ভক্ত। বাবা শচীনের সমালোচনা করতেন, এ নিয়ে দুজনের কত তর্ক হয়েছে।’

স্ত্রী শেলী সেনগুপ্তার কণ্ঠে হাহাকার ছাপিয়েও ফুটে উঠল এমন একটা মানুষের সঙ্গে জীবন কাটানোর গর্ব, ‘ও নেই ভাবতেই পারি না। ও সুগন্ধি খুব পছন্দ করত। টাই পরতে ভালোবাসত। রং খুব পছন্দ করত। তারপরও বলব, ও কথা রাখেনি। ও আমাকে রংহীন করে দিয়ে গেছে।’