স্মৃতির আয়নায় ‘পিস্তল’
রেকর্ড মোটেও আহামরি নয়। ক্যারিয়ারে চোখ ধাঁধানো পারফরম্যান্সও খুব একটা নেই। তার পরও তাঁকে যাঁরা দেখেছেন, কখনোই ভুলে যাওয়ার কথা নয়। একজন মানুষের নাম রাইফেল, আলাদা করে মনে রাখার জন্য এটুকুই তো যথেষ্ট!ক্রিকেট আর রাইফেল, এটুকু শুনলেই ক্রিকেট অনুসারীরা হয়তো বুঝে যাবেন কার কথা বলা হচ্ছে। পল রাইফেল, নব্বইয়ের দশকের সেই অস্ট্রেলিয়ান পেসার। নামের মতো নজর কাড়ার মতো ছিল তাঁর বোলিং অ্যাকশনটাও। রানআপে ছুটে যেতেন কেমন যেন দুলে দুলে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার এক যুগ পর রাইফেল এসেছেন বাংলাদেশে। সাবেক পেসার এখন পুরোদস্তুর আম্পায়ার। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডেতে আম্পায়ারিং করে কালই ফিরে গেছেন দেশে।বাংলাদেশে এসে দুপুরের ভাত-ঘুম না দিলে কি হয়! শেষ ওয়ানডের আগের দিন হোটেল রুমে যখন স্বাগত জানালেন, তখনো তাঁর চোখে ঘুম লেগে আছে। মাত্রই বিছানা ছেড়েছেন। নামের প্রসঙ্গটাই উঠল শুরুতে। নাম নিয়ে এক জীবনে কথা কম বলতে হয়নি তাঁকে। অনেকের ডাকনাম খুঁজে বের করতে অনেক সময় সতীর্থদের গবেষণা ভালোই করতে হয়। তাঁর বেলায় একটু ভাবতে হয়নি, রাইফেলের ডাকনাম ‘পিস্তল’ হবে না তো কী! ৪৫ বছর বয়সী সাবেক পেসার ঘুম-ঘুম চোখে হাসেন, ‘আমি সব সময়ই জানতাম, এমন কিছুই হবে আমার ডাকনাম। ক্লাব ক্রিকেট শুরুর সময় থেকেই সবাই পিস্তল বলে ডাকে।’ নাম শুনলেই মনে হয় পেছনে কোনো গল্প আছে। আদতে তেমন কিছু নেই, রাইফেল নাম এসেছে তাঁর জার্মান শেকড় থেকে।নাম রাইফেল-পিস্তল হলেও গতি তেমন ছিল না, মূল সম্পদ ছিল নিয়ন্ত্রণ ও সুইং। ৩৫ টেস্টে ১০৪ আর ৯২ ওয়ানডেতে ১০৬ উইকেট। ২০০২ সালে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ইতি টেনেছেন, মেলবোর্নে গ্রেড ক্রিকেট দিয়ে ওই বছরই পা রেখেছেন ক্রিকেটের আরেক শাখায়। আন্তর্জাতিক আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন বছর দুয়েক। ক্রিকেটার হিসেবে রেকর্ড সাদামাটা হলেও আম্পায়ার রাইফেল কিন্তু ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন। আন্তর্জাতিক আম্পায়ার হওয়া প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার তিনিই!ক্যারিয়ারের ইতি টানার পরও ছাড়তে ইচ্ছে করছিল না ক্রিকেটকে। প্রথমে ভেবেছিলেন কোচিং। কিন্তু কতটা পারবেন নিশ্চিত ছিলেন না। ধারাভাষ্য দেওয়ার কথাও মনে এসেছিল। কিন্তু স্বভাবে তিনি নিতান্তই শান্তশিষ্ট, চেঁচামেচি করা ধাতে নেই। শেষ পর্যন্ত আম্পায়ারিং বেছে নিলেন, ‘আমি চ্যালেঞ্জ খুঁজছিলাম, ওই সময় ক্রিকেট অস্ট্রেলিয়াও চাইছিল সাবেক ক্রিকেটারদের আম্পায়ারিংয়ে আনতে। ভাবলাম, চেষ্টা করেই দেখা যাক। জানি না কত দিন করব। তবে সবকিছুই করতে করতে শেখা হয়। আমিও শিখছি, নিজের কাজে আমি সন্তুষ্ট।’নিজে ছিলেন পেসার, ক্যারিয়ারে অসংখ্যবার এমন হয়েছে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ প্রচণ্ড বিগড়ে গেছে। এখন তিনিই উল্টো প্রান্তে। সময় আর অভিজ্ঞতায় পাল্টে গেছে চিন্তা-ভাবনাও, ‘সত্যি বলতে, আম্পায়ারিং করে তারপর যদি ক্রিকেটার হতাম, তাহলে আম্পায়ারদের সঙ্গে আচরণ আরেকটু ভালো হতো, আরেকটু সহনশীল হতাম। যখন ক্রিকেটার ছিলাম, আবেগ দিয়ে খেলেছি। নিজেকেই ঠিক মনে হতো। আম্পায়ারদের তো আবেগ থাকতে নেই, যা দেখি, সিদ্ধান্ত সেটাই দিতে হয়।’ব্যক্তিগত রেকর্ড তেমন গর্ব করার মতো না হলেও নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরা দুটি মুহূর্তের সাক্ষী তিনি। ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অনেক স্মৃতি মনে পড়ে যায় ওই বিশ্বকাপের। এজবাস্টনের সেই সেমিফাইনাল নাকি এতটা বিখ্যাত হয়ে আছে তাঁর কারণেই! টানটান উত্তেজনার সময় লং অনে ল্যান্স ক্লুজনারের সহজ ক্যাচ ছেড়েছিলেন। সেই ক্লুজনার পরে ম্যাচটাই বের করে নিয়ে যাচ্ছিলেন। চোখ নাচিয়ে রাইফেল বলেন, ‘আমি ক্যাচটা নিলে তো অস্ট্রেলিয়া সহজেই জিতে যেত। ওই ম্যাচটাকে সবাই ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ বলে, আমি ক্যাচ না ছাড়লে কী তা হতো!’যে বলে রানআউট হয়ে ম্যাচ টাই হলো, সে সময় রাইফেল ছিলেন দ্বিতীয় স্লিপে। ক্লুজনারের শটটা গিয়েছিল মিড অফে, যেখানে ফিল্ডিং করছিলেন দলের অন্যতম সেরা ফিল্ডার মার্ক ওয়াহ। ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি মিড অফে ছিলাম না, থাকলে কী যে হতো’—মনে করে এখনো যেন হাঁফ ছেড়ে বাঁচেন রাইফেল। তাঁর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত অবশ্য বিশ্বকাপ জয় নয়, ‘১৯৯৫ সালের ফ্রাঙ্ক ওরেল ট্রফি জয়ের চেয়ে স্মরণীয় কিছু আর নেই। ২০ বছর পর মনে হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হেরেছিল। আমরাই আন্ডারডগ ছিলাম, কিন্তু ওই সিরিজ দিয়েই ওদের পতন আর আমাদের সাম্রাজ্য শুরু।’রাইফেল যেন আরেকবার মনে করিয়ে দিলেন টেস্ট ক্রিকেটের চেয়ে বড় আর কিছু নেই!