স্মৃতির ডানায় অ্যামব্রোস...
ক্রিকেটীয় কীর্তিতে দুজনই গ্রেট। কিন্তু কার্টলি অ্যামব্রোস ও স্টিভ ওয়াহর নাম পাশাপাশি উচ্চারিত হলে সবকিছুর আগে সবার মনে পড়ে ত্রিনিদাদের সেই ‘দৃষ্টির যুদ্ধ’। ‘অ্যামব্রোসের চোখে চোখ রেখে তাকিয়ে ওয়াহ’—ক্যারিবিয়ান শ্রেষ্ঠত্বকে পাল্টা জবাব দেওয়ার প্রতীক হিসেবে অমর হয়ে আছে এই ছবি। পরশু আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার দিনটায় অ্যামব্রোস ফিরে গেছেন ১৯৯৫ সালের এপ্রিলের সেই খ্যাপাটে দুপুরে।ওই সিরিজ থেকেই শুরু শ্রেষ্ঠত্বের পথে অস্ট্রেলিয়ার যাত্রা আর ওয়েস্ট ইন্ডিজ সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন। ১-০-তে পিছিয়ে থাকা উইন্ডিজ তৃতীয় টেস্টে পোর্ট অব স্পেনে বানিয়েছিল সবুজ ঘাসে ঢাকা উইকেট। উইজডেন লিখেছিল, উইকেটে প্রায় ইঞ্চি খানেক পুরু ঘাস! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১২৮ রানের মধ্যে অপরাজিত ৬৩ করেছিলেন সিনিয়র ওয়াহ। ওই ইনিংসের পথেই একবার মাঝ উইকেটে দুজনের ধাক্কা লাগে। পরে একটি বাউন্সার এড়ানোর পর ওয়াহর দিকে এগিয়ে গিয়ে কঠিন দৃষ্টিতে তাকান অ্যামব্রোস। পাল্টা ‘কঠিন দৃষ্টিতে’ জবাব ওয়াহর। এরপর অ্যামব্রোসকে ফিরে যেতে বলেন বোলিং মার্কে। আরও খেপে যান অ্যামব্রোস, অধিনায়ক রিচি রিচার্ডসন তাঁকে টেনে নিয়ে যাওয়ার পর শান্ত হয়েছিল পরিস্থিতি।বল হাতে যতটা আগ্রাসী, মাঠের বাইরে বরাবরই ততটা শান্ত-বিনয়ী অ্যামব্রোস। পরশু ওই ঘটনার প্রসঙ্গ উঠলে এড়াতেই চাইলেন শুরুতে, ‘সবাই জানে, আমি কখনোই মাঠে কোনো রকম ঝামেলায় যেতে চাইনি। আমার দৃষ্টিতেই ছিল অনেক কিছু। মুখে নয়, আমি সব সময় কথা বলাতে চেয়েছি বলকে। ওই ঘটনা মুহূর্তের উত্তেজনায় হয়ে গিয়েছিল। সিরিজে পিছিয়ে ছিলাম আমরা, এক নম্বর হাতছাড়া হওয়ার পথে। প্রচণ্ড চাপ, টেনশনে অনেক কিছুই হয়ে যায়।’এটুকু বলেই হয়তো স্মৃতিকাতর হয়ে পড়লেন। নিজেই ফিরে গেলেন ওই সময়টায়, ‘ও কিছু একটা বলেছিল, যা আমার মোটেও ভালো লাগেনি। প্রথমে ভেবেছিলাম এড়িয়ে যাব। পরে মনে হলো জবাব দেওয়া দরকার। সত্যি বলতে, ওই সময় ওকে ধরে পেটাতে ইচ্ছা করছিল। তবে মজার ব্যাপার, ওটা হয়েছিল মুহূর্তের উত্তেজনায়। স্রেফ অল্প সময়ের জন্যই। এরপর কিন্তু আর কিছুই হয়নি। স্টিভকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা করি। আমি জানি, স্টিভও আমাকে তা-ই করে।’তাঁর কিন্তু ধারণা ভুল নয়। নিজের খেলা কঠিনতম বোলার হিসেবে ওয়াহ সব সময়ই অ্যামব্রোসের নাম বলে এসেছেন। ওই ম্যাচে ৯ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন অ্যামব্রোস। কিন্তু শেষ টেস্ট জিতে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া, ম্যাচ ও সিরিজ-সেরা হয়েছিলেন ওয়াহ। ওয়েবসাইট।