স্মৃতির পাতায় ‘উড়ন্ত’ জন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে যাওয়াটা মনে রাখার মতোই স্বাভাবিক ধর্ম। যতই দিন গড়ায়, পেছনের স্মৃতিগুলো ক্রমে অস্পষ্ট হতে থাকে। একসময় তা হারিয়ে যায় কালের কালো থাবায়। তার পরও কিছু কিছু মুহূর্ত থাকে যা ভোলা যায় না। দিন যতই গড়াক, সেই মুহূর্তগুলোই ঘুরেফিরে আসে বারবার।১৯৯২ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ‘ফ্লাইং বার্ডস’ জন্টি রোডসের করা সেই রান আউটের কথাই ধরুন। ফিল্ডিং যে একটা শিল্প, তা ঠিকই দেখিয়ে দিয়েছেন রোডস। ব্রায়ান ম্যাকমিলানের বল প্যাডে লেগেছিল পাকিস্তানের ইনজামাম উল হকের। অন্য প্রান্তে থাকা ইমরান খান লেগ বাই থেকে রান নিতে এসে কয়েক ধাপ এগিয়ে থেমে যান। ততক্ষণে পিচের তিন ভাগের একভাগ এগিয়ে গেছেন ব্যাটসম্যান ইনজামাম। বাধ্য হয়ে ক্ষিপ্রগতিতে ফিরে আসার চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু ইনজামামকে ফিরতে দেয়নি রোডসের অবিশ্বাস্য নিশানা।ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে বল ধরেই ক্ষিপ্রগতিতে এগিয়ে আসেন রোডস। এরপরই চোখ কপালে ওঠার জোগাড় ক্রিকেটবিশ্বের। বাতাসে শরীর ভাসিয়ে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন রোডস! ইনজামামকে রোডস যে কায়দায় রান আউট করেছিলেন, তা আজও স্মৃতির পাতায় চিরভাস্বর হয়ে আছে।যাঁরা জন্টি রোডসের ফিল্ডিং নৈপুণ্য দেখেননি, তাঁরা হয়তো বলতে পারেন, এ আবার এমন কী! কাকতালীয়ভাবেও তো কত কিছু হয়। তাঁদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রোডসের ফিল্ডিং নৈপুণ্য নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। ‘ফ্লাইং বার্ডস’ বা উড়ন্ত পাখির তকমাটা এমনি পাননি রোডস। অনেক কাঠখড় পুড়িয়ে, ক্রিকেট বিশ্বকে নিজের নৈপুণ্যে বিস্মিত করে তবেই ফিল্ডিং ইতিহাসের কিংবদন্তি হয়ে আছেন এই ক্রিকেটার।জন্টি রোডসের অবিশ্বাস্য ফিল্ডিংয়ের পর বোলার ম্যাকমিলানের প্রতিক্রিয়াটা কী ছিল শুনুন, ‘আমি এলবিডব্লিউর আবেদন করছিলাম। হঠাত্ দেখি, ডাইভ করছে জন্টি। উইকেটের দিকে এমন ব্লক ডাইভ কখনো দেখিনি আমি’!