স্মৃতির ফুটবলে অতীতের তারকারা
‘বাবা, আমার ঢাকার বাড়িতে বেড়িয়ে যাও’—চার বছর ধরে বারবার অনুরোধ করেও বাবা শামসুল ইসলামের মন গলাতে পারেননি খালেদ মাসুদ। বাবা আসেননি। কিন্তু জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের অসাধ্য কাজটা সাধন করে ফেলল সোনালি অতীত ক্লাব। সাবেক ফুটবলার ও রাজশাহী সোনালি অতীত ক্লাবের দলনেতা শামসুল ইসলাম ঢাকায় এসে হাজির। এসেছেন সোনালি অতীতের মাস্টার্স স্মৃতি ফুটবলের টানে!শুধু শামসুল ইসলাম নন, পুরোনো বন্ধু-সতীর্থদের সঙ্গে দেখা করার তাড়নায় কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন অতীতের একঝাঁক তারকা ফুটবলার। তারার হাটে কে ছিলেন না? এসেছিলেন জহিরুল হক, বশির আহমেদ, গোলাম সারোয়ার (টিপু), কাজী সালাউদ্দিন, আশরাফউদ্দিন আহমেদ (চুন্নু), সালাম মুর্শেদী, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস (রুপু), ছোট কামাল, গাউস, জাকির, রবিন, জাহিদ প্রমুখ।সবাইকে একসঙ্গে দেখে আবেগতাড়িত গোলাম সারোয়ার, ‘যখন চট্টগ্রামে খেলেছি তখনকার সময়ের অনুশীলন সতীর্থদের দেখলাম। অন্য রকম লাগছে।’ সত্যজিতের কথা, ‘১৯৯৯-এর পর এভাবে জার্সি পরে মাঠে নামা হয়নি। যাদের সঙ্গে অনেক দিন ধরে খেলেছি, তাদের দেখলাম। পুরোনো দিনগুলো খুবই মনে পড়ছে।’ টুর্নামেন্টের আহ্বায়ক বশির আহমেদের কাছে এটা একটা স্বপ্নের সত্যি হওয়া, ‘এমন একটা আয়োজনের স্বপ্ন ছিল অনেক দিনের। পুরোনো মানুষের সঙ্গে দেখা হলে পুরোনো স্মৃতি ভেসে ওঠে। ভালো লাগাটা অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না।’ সতীর্থদের অনেকেই এখন বেঁচে নেই। তাদের কথাও মনে পড়েছে সাবেক এই কৃতী ফুটবলারের, ‘সাহেব আলী ভাই, গজনবী, নবী চৌধুরীদের কথা খুব মনে পড়ছে।’ মোহামেডানে ২২ বছর কাটিয়েছেন জহিরুল। বয়স ৭৬। সেভাবে হাঁটতে-চলতে পারেন না।’ ডাগ-আউটে বসে খেলা দেখতে দেখতে বললেন, ‘এই আয়োজন ৫০ বছর আগের কথা মনে করিয়ে দিচ্ছে।’আসলামকে দেখেই বুকে জড়িয়ে ধরে শামসুল ইসলাম বলে উঠলেন, ‘তোর বাপ কই? আসেনি?’ আসলামের বাবা শেখ আলী আহমেদ আর শামসুল খেলতেন একই সঙ্গে। বাবাকে নিয়ে আসতে পারেননি বলে সেকি আক্ষেপ জাতীয় দলের সাবেক স্ট্রাইকারের! কাজী সালাউদ্দিন এসেছিলেন, তবে খেলেননি। সালাউদ্দিনও স্মৃতিকাতর, ‘অতীত বারবার মনে পড়ে যাচ্ছে।’ফাইনাল ছিল উত্তেজনায় ভরা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য। টাইব্রেকারেও সমতা (৪-৪)। এরপর সাডেন ডেথে বরিশালের বিপক্ষে (২-১) জেতে নারায়ণগঞ্জ। কিন্তু স্মৃতি-জাগানিয়া মিলনমেলায় জয়-পরাজয়ের কথা কে আর মনে রাখে?