স্মৃতির সরণি বেয়ে আগাসি
ইম্মানুয়েল আগাসি ছিলেন বক্সার। জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল কঠিন অনুশাসনের শেকলে বাঁধা। তাঁর ছোট্ট ছেলেটি যখন দোলনাবাসী, সেই সময় ঠিক করে ফেলেছিলেন, এই ছেলেকে বড় টেনিস খেলোয়াড় বানাতে হবে। দোলনার ওপর ঝুলিয়ে দিলেন টেনিস বল।ছেলে যখন হাঁটি হাঁটি পা পা, তখনই তাঁর হাতে ধরিয়ে দেওয়া হলো র্যাকেট। ছেলে যখন আরেকটু বড়, কেড়ে নেওয়া হলো আনন্দমাখা শৈশব। নিজের হাতে বানানো ‘ড্রাগন’ নামের বল-মেশিনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রচণ্ড গতিতে ছুটে আসতে থাকা একেকটি বল রিটার্ন করতে করতে ছোট্ট আন্দ্রে শুধু ক্লান্তই হয়ে পড়েনি, টেনিসের প্রতি জন্ম নিয়েছিল ঘৃণা!আন্দ্রে আগাসির শৈশবের গল্পটা এমনই। টেনিসের প্রতি সেই ঘৃণা অবশ্য আর থাকেনি। শেষ পর্যন্ত জীবনের যা কিছু অর্জন, সব যে টেনিস থেকেই। সর্বশেষ পেলেন গত পরশু। টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হলো আটটি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক মার্কিন তারকাকে। একরকম ধরেবেঁধে যে একরোখা বাবা তাঁকে টেনিস খেলোয়াড় বানিয়েছিলেন, জীবনের এমন একটা স্বীকৃতির দিনে কৃতজ্ঞতাভরে স্মরণ করলেন তাঁকে।পুরুষ এককে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ীদের তালিকায় ছয় নম্বরে তাঁর নাম। ওপেন যুগে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম (চারটি প্রধান শিরোপাই জেতা) পূর্ণ করতে পারা চার খেলোয়াড়ের একজন। তবে আগাসির আসল কীর্তি এর কোনোটিই নয়। সেটি হার না-মানা মানসিকতার প্রমাণ দিয়ে বারবার ফিরে আসায়। র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন মোট ১০১ সপ্তাহ। একসময় নেমে যান ১৪১ নম্বরে। সেখান থেকে ফিরে এসেছেন আবারও। ৩৩ বছর বয়সে আবারও শীর্ষে উঠে গড়েছেন সবচেয়ে বেশি বয়সে নাম্বার ওয়ান হওয়ার রেকর্ড।এখন সুবিধাবঞ্চিত শিশুদের টেনিস শেখান। টেনিসের নানা কৌশলগত দিক শেখানোর পাশাপাশি আগাসি কখনোই হাল না ছাড়ার মন্ত্রও পড়িয়ে দেন, ‘যেটি আবিষ্কার করতে আমার কয়েক দশক লেগেছিল, ওরা এখনই সেটি জানে: গোপনে নিজেকে ঝালিয়ে নিতে হয়; যখন হাততালি দেওয়ার একটা লোকও থাকে না, তখনো নিজেকে উজাড় করে দিতে হয়। অনুপ্রাণিত হওয়ার জন্য দেরি বলে কিছু নেই। পরিবর্তন করার জন্য বিলম্ব বলে কিছু নেই।’সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্ভবত টেনিসকে শেষ পর্যন্ত মন থেকে ভালোবাসা। শুরুতে ছিলেন লম্বা চুলো, খেপাটে স্বভাবের খানিকটা উদ্ভ্রান্ত যুবক। টেনিসে নিজের লক্ষ্য সম্পর্কে যে কিনা নিজেই পরিষ্কার নয়, সেই আগাসিই বিদায় নেওয়ার সময় চুলহীন, শান্ত-সৌম্য-সুস্থির।৪১ বছর বয়সী আগাসি নিজের ক্যারিয়ারটার সারাংশ টেনেছেন এভাবে, ‘আমি সব সময় সাবধানে পা ফেলিনি। টেনিসকে সব সময় প্রাপ্য সম্মান দিইনি। নিজেকেই ঠিকমতো বুঝতাম না। বুঝতাম না, যে সমস্যাগুলো আমার আশপাশে আছে, সেগুলো আসলে আমারই তৈরি। জীবনে অনেক পরে টেনিসকে ভালোবেসেছি। কিন্তু তার পরও এত কিছু পেয়েছি কারণ টেনিস আমাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের মা-বাবাকে গর্বিত করা নিয়ে সংশয় থাকে না। টেনিসকে ধন্যবাদ. আমাকে এমন কিছু মুহূর্ত এনে দেওয়ার জন্য।’ এএফপি।