স্যান্ডির থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন স্যান্ডির কাছে হার মানতে হলো ম্যারাথনকেও। স্যান্ডির আঘাতে নিউইয়র্ক লন্ডভন্ড হয়ে যাওয়ার পরও শহরের মেয়র ঘোষণা করেছিলেন, নিউইয়র্ক সিটি ম্যারাথন হবেই। কিন্তু নানা মহলের প্রতিবাদে শেষ পর্যন্ত বাতিল করতে হলো ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। গতকালই হওয়ার কথা ছিল এবারের নিউইয়র্ক ম্যারাথন। ১৯৭০ সালে চালু হওয়ার পর প্রতিবছরই হয়ে আসছে এই ম্যারাথন। ধারায় ছেদ টানল এবার স্যান্ডি। বিশ্ব ম্যারাথনের ছয়টি মেজর ইভেন্টের একটি, অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ম্যারাথনও। বিপুলসংখ্যক অংশগ্রহণকারী কমাতে লটারি করা হয়। তার পরও তিন বছর ধরে নিজের রেকর্ডই ভেঙে আসছে নিউইয়র্ক ম্যারাথন। ২০০৯ সালে এখানেই ইতিহাসে প্রথমবার ৪০ হাজারের বেশি প্রতিযোগী দৌড় শেষ করে কোনো ম্যারাথনে। ২০১০ সালে দৌড় শেষ করেছিলেন ৪৪৮২৯ প্রতিযোগী, আর গত বছর ৪৬৭৯৫ জন। এ বছরও নিশ্চিত নতুন রেকর্ড হতো!