স্যামি-বীরত্বেও পারল না উইন্ডিজ
জমজমাট এক সিরিজের শেষটাও হলো রোমাঞ্চকর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়েছেন ড্যারেন স্যামি, প্রায় অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দলকে। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ১৭ বছর অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতে না পারার আক্ষেপ দীর্ঘায়িত হয়েছে আরও। শেষ ম্যাচে ৩০ রানের জয়ে সিরিজ ড্র করে মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। লড়াইটা ওয়ানডের এক নম্বর আর আট নম্বর দলের হলেও মাঠের লড়াইয়ে সেটার প্রতিফলন পড়েনি। সিরিজের শুরু ও শেষ অস্ট্রেলিয়ার জয়ে, দ্বিতীয় ও চতুর্থ ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয়টি টাই।সিরিজ জিততে না পারার আক্ষেপ থাকলেও স্যামির কণ্ঠে তৃপ্তিও থাকল, ‘সিরিজটা আমাদের জেতা উচিত ছিল, জেতা উচিত ছিল টাই ম্যাচটা। ক্রিকেট-বিধাতার আচরণ কখনো কখনো রহস্যময়! তবে প্রমাণ করতে পেরেছি, আমরা হারার আগে হারি না। আজও (পরশু) দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এক নম্বর দলের বিপক্ষে আমরা দারুণ লড়াই করেছি।’আগের ম্যাচের নায়ক পোলার্ড পরশু যখন আউট হলেন, উইন্ডিজের রান ৭ উইকেটে ১১৮। লক্ষ্য ২৮২, ম্যাচের শেষ তো ওখানেই। কিন্তু এই দল যে হারার আগে হারে না! রাসেলকে নিয়ে দারুণ প্রতি-আক্রমণে লড়াই চালিয়ে গেলেন স্যামি। ২০ বলে ফিফটি করে ছুঁলেন নিজেরই গড়া উইন্ডিজ রেকর্ড। ১০১ রানের অষ্টম উইকেটজুটির পর রাসেল ফিরে গেলেও হাল ছাড়েননি স্যামি। একসময় মনে হচ্ছিল, ৯ নম্বরে সর্বোচ্চ রানের রাসেলের রেকর্ডটাও (৯২*) ভেঙে দেবেন, দলকে এনে দেবেন জয়। শেষ পর্যন্ত হয়নি কোনোটিই। সমান ছয়টি করে চার-ছয়ে ৫০ বলে ৮৪ রান করে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে।অস্ট্রেলিয়াকে বড় রানের ভিত্তি এনে দিয়েছিল প্রথম তিন ব্যাটসম্যানের ফিফটি। তবে শেষ ১৫ ওভারে ৮ উইকেট নিয়েও মাত্র ৯৫ রান তুলতে পারে তারা। স্যামির ঝড়ের পরও অবশ্য যথেষ্ট বলেই প্রমাণিত হয়েছে সেই স্কোর। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮১/৯ (ওয়াটসন ৬৬, ওয়ার্নার ৬৯, ফরেস্ট ৫৩, বেইলি ১৯, লি ১২, মাইক হাসি ২৫, ডেভিড হাসি ০, ওয়েড ২৬, ম্যাকাই ০, ডোহার্টি ১*, হিলফেনহস ০*; রাসেল ৪/৬১, রোচ ৩/৫৩, নারাইন ২/৫৫)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.২ ওভারে ২৫১ (চার্লস ০, বারাথ ৪২, স্যামুয়েলস ০, ড্যারেন ব্রাভো ৩, ডোয়াইন ব্রাভো ১৯, পোলার্ড ৩৩, বাফ ১৩, রাসেল ৪১, স্যামি ৮৪, নারাইন ৭, রোচ ২*; লি ৩/৪২, ওয়াটসন ২/৪৪, ডোহার্টি ২/৬০, ম্যাকাই ২/৬৮, হিলফেনহস ১/৩৬)। ফল: অস্ট্রেলিয়া ৩০ রানে জয়ী। সিরিজ: ২-২ ড্র। ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি। ম্যান অব দ্য সিরিজ: কাইরন পোলার্ড।