স্যামিতে উদ্ধার উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যারেন স্যামি: বিজয়ের হুংকার এএফপি
ড্যারেন স্যামি: বিজয়ের হুংকার এএফপি

জয়ে উল্লসিত, পরাজয়ে হতাশ। নিউজিল্যান্ড সফরে এসে আনন্দটা ভুলতে বসেছিল আমুদে ক্যারিবীয়রা। সফরের প্রথম এক মাসে শুধু হতাশাই যাদের সঙ্গী ছিল সেই দলটি শেষ পর্যন্ত একটু হাসল। বক্সিং ডেতে কাল প্রথম ওয়ানডে ম্যাচটা ২ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অকল্যান্ডের ইডেন পার্কে অল্প রানের ম্যাচটা রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। নিউজিল্যান্ডকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার পর নিজেরাও ডুবতে বসেছিল ক্যারিবীয়রা। ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি জিতেছে টেস্ট অধিনায়ক ড্যারেন স্যামির ব্যাটে ভর করে।
স্যামি ক্রিজে এসেছিলেন ২১তম ওভারে, ষষ্ঠ উইকেট পড়ার পর। ২৮তম ওভারে দলকে জিতিয়ে যখন ফিরলেন, তাঁর নামের পাশে ৪৩ রান, সেটাও মাত্র ২৭ বলে। ১৪৭ রানে ৮ উইকেট পড়ার পর অবশিষ্ট ১০ রান ম্যাকলেনাহানের টানা দুই বলে ছয় ও চার মেরে নিয়েছেন স্যামি। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচে ছিল এই ম্যাকলেনাহানের কারণেই। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
হোক কম ব্যবধানে, জিততে পেরেই খুশি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভো, ‘ব্যাটিং নিয়ে কিছু কাজ করার আছে। তবে জয় জয়ই, এটা আমাদের চাপ অনেকটাই কমিয়ে দেবে।’
টস হেরে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংসটা আসলে ম্যাককালামময়। ১৫৬ রানের ৯৮ রানই করেছেন দুই ভাই ব্রেন্ডন ম্যাককালাম (৫১) ও নাথান ম্যাককালাম (৪৭)। ১১২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাকলেনাহানকে নিয়ে ৪৪ রানের জুটিতে নাথান একাই করেছেন ৪০ রান।
পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচ নেপিয়ারে। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪২.১ ওভারে ১৫৬ (গাপটিল ২, রাইডার ০, উইলিয়ামসন ৮, টেলর ৩, ব্রেন্ডন ম্যাককালাম ৫১, অ্যান্ডারসন ১৩, রনকি ৭, নিশাম ১০, নাথান ম্যাককালাম ৪৭, মিলস ৩, ম্যাকলেনাহান ৩*; হোল্ডার ২/২১, রামপল ২/২৭, স্যামি ০/৩০, নারাইন ১/২৮, ডোয়াইন ব্রাভো ৪/৪৪)। ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১৫৭/৮ (চার্লস ৯, পাওয়েল ৪, ড্যারেন ব্রাভো ১৪, সিমন্স ৩৪, ডোয়াইন ব্রাভো ১২, দেওনারায়ণ ৬, রামদিন ২, স্যামি ৪৩*, হোল্ডার ২০, নারাইন ০*; মিলস ২/৩৭, ম্যাকলেনাহান ৫/৫৮, নিশাম ১/৩৫, অ্যান্ডারসন ০/১৯)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি।