চার বছরে কত কিছুই না বদলে গেছে। বিশ্ব ক্রিকেটে অনেক পালাবদল হয়েছে, চেহারা পাল্টে গেছে এই দুই দলেরও। ক্যারিবিয়ানে সর্বশেষ ফ্রাঙ্কওরেল ট্রফির দল থেকে দুই দলেই আছেন মাত্র চারজন করে ক্রিকেটার। কিন্তু শিবনারায়ণ চন্দরপল প্রমাণ করলেন, তিনি আছেন ঠিক আগের মতোই। ব্যাটিং-ক্ষুধা কমার কোনো লক্ষণ নেই!২০০৮ সালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজে গড়ে প্রতি ইনিংসে ব্যাট করেছিলেন চার ঘণ্টারও বেশি। এই ৩৮ ছুঁই-ছুঁই বয়সে যেন উইকেটে পড়ে থাকার তৃষ্ণা আরও বেড়েছে। এবার শুরুই করলেন ৬ ঘণ্টার ম্যারাথন দিয়ে! ২৩৫ বলে তুলে নিলেন ২৫তম টেস্ট সেঞ্চুরি। এই ইনিংসটা দিয়েই পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম দুই সেরাকে। ভিভ রিচার্ডসকে (২৪) ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি এখন চন্দরপলের। কেনসিংটন ওভালের সর্বোচ্চ রানও এখন এই গায়ানিজের (১৩৭৪), পেছনে ফেলেছেন ব্রায়ান লারাকে (১৩৩৯)।তবে ক্যারিবীয়দের ইনিংসটা শুধু এই একজনই নির্মাণ করেননি। ফিফটি আরও তিনটি, অবদান আছে প্রায় সবার। মি. এক্সট্রাসহ দলের ১১ ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্ক। ওয়েস্ট ইন্ডিজও পেয়েছে প্রায় ভুলে যাওয়া স্বাদ। ৯ উইকেটে ৪৪৯ রানে ইনিংস ঘোষণা করেছেন ড্যারেন স্যামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন্ডিজের ইনিংস ঘোষণা প্রায় ২১ বছর পর! সর্বশেষ ছিল ১৯৯১ সালে, এই বারবাডোজেই।প্রথম দিনে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ক্যারিবীয় ইনিংসটাকে দ্বিতীয় দিনে যথেষ্টই গতি এনে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। এক চন্দরপলই শুধু ছিলেন নিজের মতো খোলসবন্দী। দেওনারায়ণ-বাফরা ছিলেন সপ্রতিভ। স্যামি তো যথারীতি রোমাঞ্চকর। শেন ওয়াটসনের বল হেলমেটে লাগার পরের বলেই মাথার ওপর দিয়ে ছয়। ওয়াটসনের পরের ওভারে আবারও চার-ছয়। নাথান লায়নকে চার বলে তিন চার। সপ্তম উইকেটে ৫৩ রানের জুটিতে চন্দরপলের অবদান ছিল মাত্র ৮। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে কম রানের জুটিটাও ছিল ১৯ রানের।অস্ট্রেলিয়ার শুরুটা আবার হয়েছে উইন্ডিজের উল্টো, ওভারপ্রতি প্রায় ৫ রান তুলে। জিততে হলে এভাবেই দ্রুত বড় ইনিংস গড়তে হবে! ওয়েবসাইট।সর্বশেষতৃতীয় দিন সকালেই কাওয়ান (১৪) ও ওয়ার্নারকে (৪২) হারিয়েছে অস্ট্রেলিয়া। ৪ রানে রানআউট রিকি পন্টিং। লাঞ্চের পর আউট ওয়াটসনও (৩৯)। চা-বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ২০০। ক্লার্ক ৬৭ রানে ও হাসি ২৫ রানে ব্যাট করছিলেন।