স্যামির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দু ম্যাচ হারল ওয়েস্ট ইন্ডিজ। আবার জিতল টানা দু ম্যাচ। কাল হারল আবার। ড্যারেন স্যামি সেই আগের মতোই। হাসি আর হাসি। সবচেয়ে বেশি হাসলেন বুঝি কালই। হাসতে হাসতে অস্থির, প্রায় চেয়ার থেকে পড়েই যান! আম্পায়ারিং নিয়ে ক্যারিবিয়ানদের অস্বস্তিটা মাঠেই বোঝা গেছে। সেটা নিয়ে জিজ্ঞেস করতেই মুখে তালা লাগানোর ভঙ্গি, বুঝিয়ে দিলেন অধিনায়কের এসব বিতর্কিত ব্যাপার নিয়ে বলতে মানা! ম্যাচের শেষ প্রান্তে জয়ের রান নিয়ে যে নাটক হলো, রান পুরো না করেই বাংলাদেশের উল্লাস, সেটা বলতে বলতে হেসেই বাঁচেন না, ‘পুরো ব্যাপারটাই ছিল দারুণ মজার। দুই ব্যাটসম্যান একজন আরেকজনকে ক্রস করেছে বটে, কিন্তু একজন ক্রিজ স্পর্শই করেনি! রিপ্লে আবার দেখতে হবে, হয়তো আবার হাসতেই থাকব! তবে শেষ পর্যন্ত ওরা জিতেছে, ওদের অভিনন্দন।’এই সিরিজ থেকে তাদের চাওয়া ছিল ৫টি র্যা ঙ্কিং পয়েন্ট। এ জন্য জিততে হতো ৫-০ তে। ৩-২-এ সিরিজ জিতলেও পয়েন্ট হারাতে হতো, এ নিয়ে শঙ্কাও ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। পয়েন্ট তো হারাতে হলোই, সইতে হচ্ছে সিরিজ জয়ের যন্ত্রণাও, ‘৫টা পয়েন্ট পাওয়া আমাদের লক্ষ্য ছিল, কিন্তু আমরা ভালো খেলিনি, ভালো খেলতে পারিনি। বাংলাদেশ ভালো খেলেছে। ওরা প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য। আমার ব্যক্তিগত দর্শন হলো, সবকিছুই ঘটে কোনো না কোনো কারণে। বাংলাদেশ সিরিজ জিতেছে, নিশ্চয়ই জয়টা ওদের প্রাপ্য।’টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্যারিবিয়ান ক্রিকেটে বাজছিল নতুন দিনের গান। মনে করা হচ্ছিল সেই সোনালি দিন ফেরানোর পথে ছোট্ট হলেও একটা পদক্ষেপ ফেলল স্যামির দল। কিন্তু র্যা ঙ্কিংয়ে নিচে থাকা দলের সঙ্গে এই পরাজয় তো এখন এক কদম পিছিয়ে যাওয়া! স্যামি অবশ্য এই পরাজয়কে পেছনে হাঁটা বলতে নারাজ, ‘২০১২ সালটা আমাদের জন্য সব মিলিয়ে খুব ভালো ছিল। টানা চারটি টেস্ট ম্যাচ জিতেছি আমরা, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। অবশ্যই এই সিরিজটাও জিতলে দারুণ হতো। কিন্তু এটা পেছনে হাঁটা নয়। আমরা জানি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। সোমবার বছরের শেষ ম্যাচটা খেলব আমরা (টি-টোয়েন্টি), আশা করি শেষটা দারুণ করতে পারব।’কিন্তু বাংলাদেশ নিশ্চয়ই চাইবে স্যামিদের বছরের শেষটাও তিক্ততায় ভরিয়ে দিতে!