স্যামির ক্লান্তিতত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানেডিন টেস্ট শেষেই ড্যারেন স্যামি ড্রটাকে আখ্যায়িত করেছিলেন ‘মানসিক জয়’ বলে। পঞ্চম দিনের শেষ বিকেলে বৃষ্টি একটু সহায়তা করেছে, তবে ম্যাচ বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কৃতিত্বও কম নয়। ৩৯৬ রানে পিছিয়ে থেকে ফলোঅন করতে নেমে ৫০৭ রান কি সহজ কথা নাকি! সেই আত্মবিশ্বাস তো আছেই। আগামীকাল ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ডানেডিন টেস্ট থেকে স্যামি খুঁজে পাচ্ছেন আরও অনেক ইতিবাচক দিক।

বেসিন রিজার্ভে ওয়েস্ট ইন্ডিজ থাকবে চনমনে। অন্যদিকে নিউজিল্যান্ডের সঙ্গী হবে ক্লান্তি! ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি অন্তত এমনই মনে করছেন। এই দাবির পেছনে যুক্তি তো আছেই। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করানোয় দুই ইনিংস মিলিয়ে কিউইদের টানা বোলিং-ফিল্ডিং করতে হয়েছে ২২৪.২ ওভার। নিউজিল্যান্ড বোলারদের ওপর ক্লান্তি ভর করারই কথা। মাঝখানে তিন দিনে সেই ক্লান্তি তারা কতটা ঝেড়ে ফেলতে পারবে, তা একটা প্রশ্ন বটে।

স্যামি এটাকেই দেখছেন বড় সুযোগ হিসেবে, ‘ওদের বোলাররা পরিশ্রান্ত। আমার বোলাররা ওদের বোলারদের চেয়ে অনেক বেশি সতেজ থাকবে।’ ওয়েলিংটনে টসে জেতার জন্যও প্রার্থনা করছেন স্যামি, উইকেটে তেমন কিছু না থাকলে চোখ বুজে ব্যাটিং নেওয়ার কথা ভেবে রেখেছেন। কিউই বোলারদের আরও ক্লান্ত করে তোলার সুযোগটা কেন ছাড়বেন!

তবে ক্লান্তিতত্ত্ব নিয়ে স্যামি যতই আশাবাদী হোন, তাঁদের দুশ্চিন্তার কারণও আছে। সমস্যার মূলে তিনি নিজেই। ডানেডিনে প্রথম ইনিংসে বোলিংয়ের সময় চোট পাওয়া স্যামি পরে ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে বল হাতে নেননি। শুধু ব্যাটসম্যান হিসেবে খেললে ওয়েস্ট ইন্ডিজকে একজন বাড়তি বোলার খেলাতে হবে। সেটা মাথায় রেখেই হয়তো স্যামি ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় স্পিনার হিসেবে শিলিংফোর্ডের সঙ্গে সুনীল নারাইনকে খেলানোর। টসে জিতে প্রথম ব্যাট করা বা দুই স্পিনার খেলানোর চিন্তা কোনোটাই মিলছে না বেসিন রিজার্ভের কিউরেটর ব্রেট সিপথর্পের কথার সঙ্গে। যিনি জানিয়ে দিয়েছেন, উইকেটে ভালোই ঘাস থাকবে, থাকবে আর্দ্রতাও। এএফপি।