স্যামির চোখে ৬-০
পেশাদারির কঠোরতা আর কৃত্রিমতার আবরণের এই যুগে বিস্ময়কর ব্যতিক্রম ড্যারেন স্যামি। কথাটা বহুবার বলা বা লেখা হয়েছে, হচ্ছে। নিশ্চিত থাকতে পারেন, ভবিষ্যতেও হবে। কালই যেমন শেখ নাসের স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে স্যামি দেখলেন সবকিছু গোছানো হয়নি। মাইক্রোফোন, ক্যামেরার কেব্ল হাতে ছোটাছুটি চলছে টিভি সাংবাদিকদের। স্যামি এগিয়ে গিয়ে এক সাংবাদিকের কেবেলর জট খুলে দিলেন। সবার মাঝখান দিয়ে গিয়ে ক্যামেরার সঙ্গে সংযোগও লাগিয়ে দিলেন কেবেলর। সংবাদ সম্মেলন শেষে সোজা চলে গেলেন উইকেটে। উইকেট রোল করা হচ্ছিল তখন। স্যামিও গিয়ে হাত লাগালেন। মাঠকর্মীদের সঙ্গে মিলে টানলেন রোলার! সাধারণ থাকার এমন অসাধারণ গুণ দিয়ে স্যামি মুগ্ধ করে যাচ্ছেন প্রতিদিনই।আরেকটা দিক থেকেও দেখা গেল ব্যতিক্রম ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। পরিসংখ্যান আর রেকর্ডের খোঁজখবর থাকে না বেশির ভাগ ক্রিকেটারের। কিন্তু অনেকের অগোচরেই এই ওয়েস্ট ইন্ডিজ যে প্রায় ভুলে যাওয়া এক স্বাদ পেয়ে গেছে, আর হাতছানি দেখছে আরও বড় অর্জনের, অধিনায়ক স্যামি জানেন সবই!গত জুলাই-আগস্টে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে স্যামির দল। এরপর বাংলাদেশে এসে জিতল প্রথম টেস্ট। অবিশ্বাস্য হলেও সত্যি, একসময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ টানা তিন টেস্ট জিতল ১৮ বছর পর! সেই ১৯৯৪ সালে, উইজডেন ট্রফিতে ইংল্যান্ডকে টানা তিন টেস্টে হারিয়েছিল ক্যারিবিয়ানরা। খুলনা টেস্ট জিতলে জয়ের ধারাটাকে টানা চার ম্যাচে নিয়ে যাওয়ার সুযোগ। এটার সর্বশেষ নজির খুঁজে পেতে যেতে হচ্ছে আরও বছর খানেক আগে। টানা চার টেস্ট ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ জিতেছিল ১৯৯৩ সালে!স্যামির এসবই পুঙ্খানুপুঙ্খ জানা। শুধু এটুকুই নয়, স্বপ্নের সীমানাটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন ক্যারিবিয়ান অধিনায়ক, ‘গ্রেট লারার বিশ্বরেকর্ড গড়া (৩৭৫) সিরিজেই আমরা টানা তিন ম্যাচ জিতেছিলাম। টানা চারটি এর কদিন আগেই (অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে)। খুলনা টেস্ট জিতলে টানা দুই সিরিজ জয় হবে আমাদের। পিঠাপিঠি সিরিজ সর্বশেষ জিতেছিলাম ২০০২ কি ২০০৩ সালে, গ্রেট ব্রায়ান (লারা) তখন অধিনায়ক। তবে আমি এবার তাকিয়ে আছি “৬-০”-এর দিকে। সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট আছে তো...।’ সত্যি সত্যি ‘৬-০’ করতে পারলে অধিনায়ক স্যামি চলে যাবেন ভিভ রিচার্ডসের খুব কাছাকাছি। রিচার্ডসের নেতৃত্বে ১৯৮৮ সালে টানা সাতটি টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।রিচি রিচার্ডসন অবশ্য তথ্যটা জেনে ভীষণ অবাক হলেন। সর্বশেষ টানা তিন টেস্ট ও টানা চার টেস্টজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন দলের বর্তমান ম্যানেজারই। ‘১৮ বছর...!’, বিড়বিড় করতে করতে ড্রেসিংরুমের সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে রিচার্ডসন তাকালেন শেখ আবু নাসের স্টেডিয়ামের খোলা প্রান্তরে। একটু যেন উদাসী, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তখন পড়তির দিকে। কিন্তু ভাবিনি, আবার টানা তিন টেস্ট জিততে ১৮ বছর লেগে যাবে। লারা ওই সিরিজে বিশ্বরেকর্ড গড়ল, শিব (চন্দরপল) নতুন এল, ওয়ালশ-অ্যামব্রোসরা ছিল...ভাবিনি এত বছর লেগে যাবে।’রিচার্ডসনের দলের টানা তিন জয়ের সঙ্গে স্যামির দলের টানা তিন জয়কে তুলনা করলে আপত্তি করতে পারেন অনেকেই। সেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল আথারটন-স্টুয়ার্টদের ইংল্যান্ডকে। এই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে র্যাঙ্কিংয়ে শুধু তাদেরই নিচে থাকা দুই দল নিউজিল্যান্ড ও বাংলাদেশকে। তবে এ ক্ষেত্রে স্যামির যুক্তিটাও না মেনে উপায় নেই, ‘এই দলগুলোর সঙ্গে টানা খেলা পড়েছে, এতে তো আমাদের কোনো হাত নেই। আমরা যেটা করতে পারি সেটা হলো, এই ম্যাচগুলোর সব জিতে আরও বড় প্রতিপক্ষের জন্য নিজেদের প্রস্তুত করতে। বড় লক্ষ্যের দিকে ছোটার শুরুটা ছোট পদক্ষেপেই করতে হয়।’‘বড় লক্ষ্য’ এখন প্রায় সবারই জানা, টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচে ওঠা। বাংলাদেশকে ধবলধোলাই করে সেই লক্ষ্যের দিকে একটা ‘ছোট’ পদক্ষেপ নিতে চান স্যামি।