স্যামির ব্যাটে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ভারত সফরটা যেন দুর্বিষহই হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও শুরু হয়েছিল হার দিয়েই। তবে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। চাপের মুখে উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন ড্যারেন স্যামি। তাঁর ৪৫ বলে ৬৩ রানের হার না মানা ইনিংসটির সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে দুই উইকেটের জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ফিরিয়েছে সমতা।
১৮৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ ১৫ ওভারে দরকার ছিল ১০১ রান। এই পরিস্থিতিতে উইকেটে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন স্যামি। ষষ্ঠ উইকেটে লেন্ডি সিমন্সের সঙ্গে তাঁর ৮২ রানের জুটিটাই ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেছে জয়ের বন্দরে। ৪৭তম ওভারে ৬২ রান করে সিমন্স ফিরে গেলেও শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন স্যামি।
জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ২৩ রানেই জনসন চার্লস ও মারলন স্যামুয়েলসের উইকেট হারিয়েছিল তারা। তৃতীয় উইকেটে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলেন কাইরন পাওয়েল ও ড্যারেন ব্রাভো। তাঁদের গড়া ১০০ রানের জুটিটাই জয়ের আশা জাগিয়েছিল উইন্ডিজ শিবিরে। আর সেই আশাটাই পরে বাস্তব রূপ পেয়েছে স্যামি আর সিমন্সের ভালো ব্যাটিংয়ে। সাজঘরে ফেরার আগে পাওয়েল করেছেন ৫৯ রান। আর ৫০ রান এসেছে ব্রাভোর ব্যাট থেকে। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৯৯ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৫১ রানের অপরাজিত ইনিংসটির সুবাদে স্কোর বোর্ডে ২৮৮ রান জমা করেছিল ভারত।