স্যামির বড় সমর্থক
‘স্যামি, সে আবার কে?’ গত বছর যখন ড্যারেন স্যামিকে অধিনায়ক করা হলো, পুরো ওয়েস্ট ইন্ডিজেই যেন এমন চোখ কপালে তোলা তাচ্ছিল্য শোনা গেছে। ছোট্ট দ্বীপ সেন্ট লুসিয়া থেকে উঠে আসা এই অলরাউন্ডারকে অধিনায়ক মানতে পারেননি অনেকেই। তবে স্যামির সৌভাগ্য, ভিভ রিচার্ডস তাঁর পাশে আছেন। ২০০৭ সালে রিচার্ডস যখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক, তখনই ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হন স্যামি। আর সেই স্যামিকে এখন বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক দেখছেন রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির কাছে এটি ভালো লাগা এক অনুভূতি, ‘নির্বাচকেরা তাঁকে দায়িত্বটি দেওয়ায় আমি খুশি। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সব যোগ্যতাই তাঁর আছে। মানুষের কাছে বিস্ময়কর মনে হতে পারে, তবে আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর ভালো পরিকল্পনা আছে।’ গত পরশু কলকাতার দ্য টেলিগ্রাফকে বলেছেন ভিভ রিচার্ডস।তিনি স্যামিকে পরামর্শ দিয়েছেন দলকে কিছু নিয়মে বাঁধতে, ‘আমার কথা খুব সহজ, অধিনায়ক হিসেবে তুমি কিছু নিয়ম চালু করো। এবং এ নিয়ে তোমাকে প্রশ্ন করার অধিকার কারও নেই। সবাইকে একভাবে দেখো এবং কাজ করো মিলিতভাবে।’আসন্ন বিশ্বকাপকে ওয়েস্ট ইন্ডিজের জন্য ‘ভালো সুযোগ’ ভাবছেন স্যার ভিভ রিচার্ডস, ‘আমাদের অনেক ম্যাচ উইনার আছে, তবে সবাইকে জ্বলে উঠতে হবে। তবে ম্যাচে দুজন ব্যাটসম্যানকে বড় রান করলেই চলবে।’ ওয়েস্ট ইন্ডিজের দুটি বিশ্বকাপজয়ী দলের অপরিহার্য সদস্য উত্তরসূরি অধিনায়ককে এমন পরামর্শ তো দিতেই পারেন। ওয়েবসাইট।