ম্যাচে একবারের জন্যও মনে হয়নি জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১২৯ রানে আটকে গিয়ে ২৮ বল বাকি থাকতেই ৯ উইকেটের হার—স্কোরবোর্ডও সে কথাই বলে। এমন ম্যাচের পর প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রশংসা করা ছাড়া পরাজিত দলের অধিনায়কের করার থাকে না কিছুই। ড্যারেন স্যামিও শ্রীলঙ্কান বোলারদের প্রশংসায় ‘পঞ্চমুখ’। তবে হারের কারণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তুলে ধরলেন আরও একটি বিষয়, শ্রীলঙ্কার উইকেট-কন্ডিশনের সঙ্গে তাঁরা এখনো মানিয়ে নিতে পারেননি!‘পিচ শ্রীলঙ্কানদের উপযোগী ছিল। কিন্তু আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলি। আমরা যখন শ্রীলঙ্কায় আসি, জানতাম পিচে টার্ন থাকবে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। তবে আমি মনে করি, আমরা শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারিনি’—পরশু সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে বলেছেন স্যামি।এক গাদা রেকর্ড গড়ে জয়, মাহেলা জয়াবর্ধনের মুখে দলের জয়গানই তো থাকবে। ওয়েস্ট ইন্ডিজকে কম রানে বেঁধে রেখে সহজ জয়ের ক্ষেত্রটা যেহেতু তৈরি করে দিয়েছিল বোলাররাই। শ্রীলঙ্কান অধিনায়ক বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন বেশি, ‘আমাদের দারুণ একটা ম্যাচ পরিকল্পনা ছিল। আমরা সেই পরিকল্পনার ৯০ শতাংশ সফল হয়েছি। বোলাররা সবাই পরিকল্পনা অনুযায়ী বল করেছে বলেই আমরা তাদের চাপে রাখতে পেরেছি।’ লক্ষ্য ছোট থাকায় ব্যাটসম্যানদের কাজটাও সহজ হয়েছে বলেই মন করেন জয়াবর্ধনে, ‘ব্যাটসম্যানদের ওপর কোনো চাপ ছিল না। আমাদের দরকার ছিল উইকেট হাতে রেখে খেলা।’ জয়াবর্ধনে প্রশংসা করেছেন দিলশান এবং কুমার সাঙ্গাকারারও। ১৩০ রানের পথ তিনি পাড়ি দিয়েছেন এই দুজনকে সঙ্গী করেই। ৯ বলে ১৩ রান করা দিলশান শুরুটা করেছিলেন দারুণ। পরে অধিনায়কের সঙ্গে ১০৮ রানের ম্যাচজয়ী জুটি গড়ার পথে সাঙ্গাকারা খেলেছেন ৩৪ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস। তবে জয়ের আসল নায়ক জয়াবর্ধনেই। ৪৯ বলে ৬৫ রানের ইনিংসের পথে জয়াবর্ধনে চার মেরেছেন ১০টি। এই ১০ চারে জয়াবর্ধনে ভাগ বসালেন টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ চার মারার রেকর্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ চারের রেকর্ডটিও তাঁরই। তবে ওই হার কিংবা জয় নয়, জয়াবর্ধনে-স্যামি দুজনেই তাকিয়ে আছেন সুপার এইটের আজকের শেষ ম্যাচের দিকে। সেমিফাইনাল ভাগ্য যে নির্ধারিত হবে আজই। ওয়েবসাইট।