স্যামির ‘বিগ ফাইনাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালও তাহলে দুটি হয়!অস্ট্রেলিয়ার সিবি সিরিজে হয়, স্পনসরের নামে যে টুর্নামেন্টের নাম কখনো ছিল ভিবি সিরিজ, কখনো বা কার্লটন-ইউনাইটেড সিরিজ। ১৯৯৮ সালে বাংলাদেশের ইনডিপেন্ডেনস কাপ, আগের বছর ভারতের ইনডিপেন্ডেনস কাপসহ আরও কিছু টুর্নামেন্টে হয়েছে দুটি-তিনটি ফাইনাল। কিন্তু দুই দেশের একই সিরিজে দুটি ফাইনাল, সেটাও আবার ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে! অভিনব সূত্রটি ড্যারেন স্যামির। মিরপুরে টানা দুটো ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরানোর পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেষ ওয়ানডে ম্যাচটিকে বলেছিলেন ‘বিগ ফাইনাল।’ সেই ফাইনালে হেরে ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি তার পরও আরেকটা ফাইনাল খুঁজে পেয়েছেন। আজকের টি-টোয়েন্টি ম্যাচটিও তাঁর কাছে ফাইনাল। কীভাবে? স্যামির ব্যাখ্যাটা শুনুন, ‘আমরা বাংলাদেশে এসেছিলাম তিন সংস্করণেই সিরিজ জিততে। টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডেতে পারিনি। সিরিজের লড়াইয়ে এখন ১-১ সমতা। টি-টোয়েন্টি ম্যাচটি তাই দুই দলের জন্যই ‘বিগ ফাইনাল।’ আমরা অবশ্যই নিজেদের উজাড় করে দেব। ৩-২-এ সিরিজ জিততে যা যা করা প্রয়োজন, ছেলেদের আমি বলব সব করতে।’‘যা যা করা প্রয়োজন’ সব করতে পারলে ওয়েস্ট ইন্ডিজই জিতবে, এ নিয়ে সন্দেহ নেই। বিস্ফোরক সব ব্যাটসম্যান, গতিময় পেসার, রহস্য স্পিনার আর দারুণ সব অলরাউন্ডারে সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ দলটাকে মনে করা হয় টি-টোয়েন্টির আদর্শ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তো সেটারই প্রমাণ। কিন্তু এই কথাগুলো তো ওয়ানডের জন্যও সত্যি! ওয়ানডেতে সামর্থ্য অনুয়ায়ী খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বলা ভালো, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে দেয়নি বাংলাদেশ। তাহলে টি-টোয়েন্টিতেই বা সামর্থ্য অনুযায়ী খেলতে দেবে কেন! তা ছাড়া ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু টি-টোয়েন্টির মুখোমুখি লড়াইয়ে তো বাংলাদেশের পেছনে! দুই দলের তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ এবং ওই দুই জয়ে কোনো খুঁত নেই। একমাত্র হারটিই বরং ২০০৯ সালে ফ্লয়েড রেইফারের সেই ভাঙাচোরা ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে। দুটি জয়ই প্রায় পূর্ণ শক্তির উইন্ডিজের বিপক্ষে। প্রথমটি ২০০৭ বিশ্বকাপে, আরেকটির স্মৃতি এখনো তরতাজা। ওয়েস্ট ইন্ডিজের গত সফরেই!তাই বিশ্ব চ্যাম্পিয়ন পরিচয়টাই যে ম্যাচ জেতাবে না, সেটা ভালো করেই জানেন স্যামি। আজকেরটি নিয়ে চার দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক একটু অসন্তুষ্টই। তার পরও দলকে অনুপ্রাণিত করতে চাইলেন বিশ্বকাপ জয়ের স্মৃতি থেকে, ‘মাঝখানে মাত্র একটা দিন (শেষ ওয়ানডে আর টি-টোয়েন্টির মাঝে)...পিঠোপিঠি এতগুলো ম্যাচ আমরা অনেক দিন খেলি না। তবে আমরা জানি, আমরা টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন। সোমবার মাঠে নেমে আমাদের চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে। ঘুরে দাঁড়াতে হবে শক্ত হয়ে। বিশেষ করে ব্যাটিংয়ে। ওয়ানডেতে যেমন করেছি, টি-টোয়েন্টিতে এর চেয়ে অনেক ভালো ব্যাটিং করতে হবে।’ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের প্রসঙ্গ এলেই আসে ক্রিস গেইলের নাম। বিস্ময়করভাবে টানা নয়টি ইনিংস গেইল-দানবকে বোতলবন্দী করতে পেরেছে বাংলাদেশ। শুধু রানখরাই নয়, উইকেটে গেইলের এমন অস্বস্তিকর উপস্থিতি শেষ কবে দেখা গেছে, সেটাও গবেষণার বিষয়। বাংলাদেশের বোলারদের প্রাপ্য কৃতিত্বটা দিলেন স্যামি। সঙ্গে বোঝানোর চেষ্টা করলেন তাঁর দল শুধু গেইল-নির্ভর নয়, ‘ক্রিস (গেইল) অভিজ্ঞ ক্রিকেটার, আমি জানি যেকোনো মুহূর্তে ও জ্বলে উঠতে পারে। কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। ক্রিসের জন্য ওদের পরিকল্পনা ছিল এবং সেটা ওরা দারুণভাবে কাজে লাগিয়েছে। তবে একটা দল একজনকে ঘিরেই আবর্তিত হয় না। ক্রিস মাঠের ১১ জনের একজন। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এবং সেটা ছিল পুরোপুরিই দলীয় প্রচেষ্টার ফসল। শ্রীলঙ্কায় আমরা একটা দল হিসেবে দারুণ খেলেছি, আশা করি সোমবার জিতে বছরটা দারুণভাবেই শেষ করতে পারব।’ওয়েস্ট ইন্ডিজের যেমন, বাংলাদেশেরও আজ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। স্যামির সূত্র না মেনে হোক, বছর শেষে ম্যাচ হিসেবে আজকের টি-টোয়েন্টিকে ‘বিগ ফাইনাল’ বলাই যায়। ‘শেষ ভালো’ করে সব ভালো হবে কোন দলের?