স্যামিরা এলেন সকালে, মুশফিকরা সন্ধ্যায়
সবার আগে বাস থেকে নামলেন টিনো বেস্ট। এরপর ড্যারেন স্যামি, ভিরাসামি পেরমল, রবি রামপল, শিবনারায়ণ চন্দরপলসহ অন্য খেলোয়াড়েরা। একেবারে শেষে নির্বিকারভাবে বাস থেকে নামলেন ক্রিস গেইল। হোটেলে যাওয়ার পথে দর্শকদের উল্লাসধ্বনি তাঁকে এদিক-সেদিক তাকাতে বাধ্য করল। ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের সচক্ষে দেখতে হোটেলের সামনের সড়কের দুই পাশে ভিড় জমিয়েছিল খুলনার ক্রিকেটপাগল শত শত তরুণ। রিজেন্ট এয়ারলাইনসের বিমানে চড়ে প্রথমে যশোরে, সেখান থেকে বাসে করে কাল বেলা সোয়া ১১টায় খুলনায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিকেলে এসেছে বাংলাদেশ দলও। খুলনায় দুই দলই থাকবে সিটি ইন হোটেলে। ২১ নভেম্বর থেকে শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হবে খুলনায়, সঙ্গে দুটি ওয়ানডে। খুলনা এখন তাই উৎসবের নগর। দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে খুলনার অভিষেককে স্মরণীয় করে রাখতে মহানগরকে সাজানো হয়েছে রঙিন পোস্টার, বিলবোর্ড আর ব্যানার দিয়ে। সিটি করপোরেশনের উদ্যোগে নগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে তোরণ নির্মাণ আর আলোকসজ্জা করা হয়েছে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে প্রায় ৬২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। শুধু মিডিয়া সেন্টারেই ক্যামেরা বসেছে ১৭টি।গতকাল সকাল থেকে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা শাখা ও জেলা স্টেডিয়াম থেকে টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। নগরের স্যার ইকবাল রোডে ব্যাংকের সামনে সকাল থেকে টিকিটের জন্য অপেক্ষা ছিল হাজার হাজার মানুষের। খুব ভোরে লাইনে দাঁড়িয়েও বেলা ১১টা পর্যন্ত টিকিট পাননি চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে আসা মশিউর রহমান। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, খুলনা টেস্টের জন্য টিকিট বিক্রি হবে প্রায় ৭ হাজার। এর কিছু অংশ বিক্রি হবে আবার যশোর থেকে। টেস্টের প্রতিদিনের জন্য ভিআইপি গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৭৫ টাকা ও সাধারণ গ্যালারির টিকিট ২০ টাকা।