স্যামুয়েলস আবার অলরাউন্ডার
একসময় তাঁর পরিচয় ছিল অলরাউন্ডার। কিন্তু ম্যাচ পাতানোর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর শুধু ব্যাটিংই করতে পারছিলেন মারলন স্যামুয়েলস। অবৈধ অ্যাকশনের কারণে তাঁর বোলিং নিষিদ্ধ ছিল ২০০৮ সাল থেকেই। অবশেষে নিজের অলরাউন্ডার পরিচয় ফিরে পাচ্ছেন স্যামুয়েলস। বোলিং করতে পারবেন বাংলাদেশ সিরিজ থেকেই। অ্যাকশন শোধরানোর পর তাঁর অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে আইসিসি। ২০০৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে তাঁর বোলিংকে সন্দেহজনক বলে প্রতিবেদন দিয়েছিলেন তিন আম্পায়ার সাইমন টফেল, আলিম দার ও ব্রায়ান জারলিং। মুক্ত স্যামুয়েলস কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমান কোচ আর এক সাবেক অধিনায়ককে, ‘এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার মূল কাজ ব্যাটিং, তবে আরেকটা দিকে অবদান রাখতে পারব, ভাবতেই ভালো লাগছে। জিমি অ্যাডামসকে আমি ধন্যবাদ জানাতে চাই, নেটে আমার সঙ্গে অনেক কাজ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরার পর ওটিস গিবসনও আমাকে অনেক সময় দিয়েছেন।’ ওয়েবসাইট।