স্যামুয়েলস ও স্যামিতে উদ্ধার উইন্ডিজ
ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দুই সেশন পুরোপুরিই মেনে চলেছে পাণ্ডুলিপি। যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই চলছিল সবকিছু। যথারীতি অভিনীত হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দুর্দশার করুণগাথা। কিন্তু প্রথম দিনের শেষ সেশনে এসেই উল্টে গেল সব। হঠাৎ করেই পাণ্ডুলিপির বাইরে চলে গেলেন কুশীলবরা। দুই ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও ড্যারেন স্যামি এমনই ব্যাটিং করলেন যে একেবারে নতুন করেই লিখতে হয়েছে এই লেখাটা। চা-বিরতির কিছু আগে ষষ্ঠ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলের রান তখন মাত্র ১৩৮। ততক্ষণে সাজঘরে ফিরেছেন তাদের ত্রাতা বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলও। ম্যাচের পরিণতিটা তখনই লিখে ফেলা যায় আর কী! কিন্তু এরপর স্যামুয়েলস ও স্যামি মিলে ওই সেশনের বাকি সময়টা তো বটেই, কাটিয়ে দিলেন দিনের বাকি পুরো সময়টাই। সপ্তম উইকেটে অপরাজিত ১৬৮ রানের জুটি গড়ে দলের রান নিয়ে গেলেন ৩০০-র ওপরে। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩০৪/৬। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন স্যামুয়েলস। পেরিয়েছেন টেস্টে দুই হাজার রানের মাইলফলক। অধিনায়ক স্যামিকে হাতছানি দিচ্ছে প্রথম টেস্ট সেঞ্চুরি। ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ক্যারিবীয় অধিনায়ক। দিনের ৮৯তম ওভারে পঞ্চম বলে জেমস অ্যান্ডারসনকে লং লেগ দিয়ে চার মেরে সেঞ্চুরি পুরো করেন স্যামুয়েলস। ৩১ বছর বয়সে এসেই যেন নিজের মূল্য বুঝতে শিখলেন এই ডানহাতি। আগের টেস্ট ইনিংসটাতেই ৮৬ রান করেছিলেন স্যামুয়েলস। স্যামির এটা তৃতীয় ফিফটি, গত তিন টেস্টে দ্বিতীয়। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সময় নেননি ইংলিশ বোলাররা। ৯ রানে প্রথম ও ৬৩ রানেই চতুর্থ ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটটি তুলে নিয়েছিলেন তাঁরা। স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসন দুজনেই দুটি করে উইকেট ভাগাভাগি করেন। এরপর চন্দরপলের সঙ্গে প্রতিরোধের প্রথম পর্বটা সারেন স্যামুয়েলস। গড়েন ৬২ রানের জুটি। ১২৫ রানে চন্দরপলকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন গ্রায়েম সোয়ান। ৯ রান পর রামদিনকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের বিপদটাকে আরও বাড়িয়েছিলেন টিম ব্রেসনান। ওয়েবসাইট। সংখ্যায় ওয়েস্ট ইন্ডিজের ফিরে আসা১০৭* মারলন স্যামুয়েলসের সর্বোচ্চ টেস্ট স্কোর৮৮* ড্যারেন স্যামির সর্বোচ্চ রান।১৬৮ স্যামুয়েলস ও স্যামির জুটি সপ্তম উইকেটে ট্রেন্টব্রিজের সর্বকালের সেরা