স্যামুয়েলসকে দৃষ্টান্ত মানছেন আমির
বয়স মাত্র ২০। কিন্তু প্রথম দেখায় কিশোরের মতোই লাগে। মায়াবী একজোড়া চোখ। কিন্তু সেই চোখের দিকে তাকালে মনে হয় কতই না পরিণত! ২০ বছরের এই চোখজোড়ায় ৪০ বছরের অভিজ্ঞতা হয়ে গেছে এরই মধ্যে। মোহাম্মদ আমিরকে তাই কখনো আপনার একজন কিশোর মনে হতে পারে, কখনো মনে হতে পারে পোড় খাওয়া পরিণত একজন মানুষ।মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। দ্রুতই পেয়েছেন যশ-খ্যাতি। এসেছে অর্থ। সেই অর্থের লোভেই পা হড়কে এখন পাঁচ বছরের নির্বাসিত জীবন কাটাচ্ছেন। নিষেধাজ্ঞার দুই বছর পেরিয়ে গেছে। দেখতে দেখতে কেটে যাবে তিন বছরও। আমিরের একটাই প্রার্থনা, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর যেন আরেকটা সুযোগ দেওয়া হয় তাঁকে। সাময়িক পাপের যথেষ্ট শাস্তি হয়ে গেছে। সামাজিক জীবনেও এখন খুব একটা মেশেন না। খুব কাছের কিছু বন্ধু আর পরিবারের গণ্ডিতেই কাটে সময়। সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ বলে প্রিয় খেলাটাও খেলতে পারছেন না সেভাবে।প্রতিটা মুহূর্ত এখন অনুশোচনা করেই কাটছে। আমির জানালেন, এর চেয়ে বড় শাস্তি কিছুই হয় না, ‘আমি মাথা উঁচু করেই ফিরতে চাই। নতুন একটা চেতনা নিয়ে, একজন রোল মডেল হয়েই ফিরতে চাই। নিজেকে শান্তি দেব বলেই আমি সবকিছু মেনে নিয়েছি, অপরাধ স্বীকার করেছি। জানি এমন কিছু ব্যাপার আছে, যেগুলো ঘটা উচিত ছিল না। কিন্তু আমি তো আর আমার অতীত পাল্টাতে পারব না। ক্রিকেট থেকে দূরে থাকার মতো কঠিন কিছু আর কী হতে পারে। এই মুহূর্তে অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে আছি। কেউ বুঝবে না ক্রিকেট থেকে দূরে থাকাটা আমার জন্য কত কষ্টের। একটা ভুল করেছি, সেটার চড়া মূল্যও শোধ করেছি। কিন্তু প্রত্যেকেরই তো দ্বিতীয় একটা সুযোগ প্রাপ্য। আমিও তা-ই চাই।’আমিরের মতো মারলন স্যামুয়েলসও বাজিকরদের লোভের ফাঁদে পা দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটসম্যান বেশ ভালোভাবেই ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে গত টেস্টে ডাবল সেঞ্চুরিও করেছেন। স্যামুয়েলসের উদাহরণ দিয়ে আমির বলছেন, ‘স্যামুয়েলস পারলে আমি পারব না কেন?’ বয়স কম ছিল। অভিজ্ঞতাও ছিল কম। এ কারণে সহজেই ভুলের ফাঁদে পা দিয়েছেন। এই শিক্ষা আজীবন ভুলবেন না, ‘মানুষকে এখন খুব সহজে বিশ্বাস করি না। একজনকে দেখে খুব ভালো লাগলেই এমন নয় যে মানুষ হিসেবেও সে খুব ভালো হবে।’শরীরে যেন মরচে না পড়ে, এ কারণে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন। বোলিং অনুশীলনও করেন। নিষেধাজ্ঞার পাঁচ বছর পূর্ণ হলেই যেন আন্তর্জাতিক ক্রিকেটে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারেন। মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নেওয়া আমির মনে করেন, সামনে যথেষ্ট সময় পড়েই আছে। দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন ২৩ বছর বয়সে। সেই বয়সেও অনেকের অভিষেকই হয় না। নতুন করেই শুরু করবেন জানিয়ে বলেছেন, ‘আমি আমার ফিরে আসাটাকে এমনভাবে দেখছি, যেমনটা ১৩ বছর বয়সে আমি পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। পার্থক্য হলো, এবার আমার সঙ্গে থাকবে আগেও একবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।’ ওয়েবসাইট।