স্যামুয়েলসকে হাতভরে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভাগত, মমিনুল, নাদিফ...ভাবছেন দেশের প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানদের নাম বলা হচ্ছে? কাল ফতুল্লার প্রস্তুতি টি-টোয়েন্টিতে তাঁদের পরিচয় ছিল জেনুইন অলরাউন্ডার। তিনজনে মিলে বোলিং করেছেন ১০ ওভার! সঙ্গে দুই অলরাউন্ডার ফরহাদ রেজা ও আলাউদ্দিন বাবু। একমাত্র নিখাদ বোলার যিনি, সেই কামরুল ইসলাম বল করলেন সবচেয়ে কম, ২ ওভার। এমন বোলিং নিয়ে খেললে যা হওয়ার কথা হলো তা-ই। রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেলেন মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল পেলেন প্রথম ফিফটি। আর একগাদা ব্যাটসম্যান নিয়ে বিসিবি একাদশ ধুঁকতে ধুঁকতে করতে পারল ১২০।খণ্ডকালীনদের এমন মূল বোলার বানানোকে অনেকে কৌশল বলতে পারেন। সিরিজের আগে ক্যারিবীয় ব্যাটসম্যানদের ভালো বোলার খেলার সুযোগ না দেওয়া। কিন্তু আনকোরা বোলারদের ছাতু বানিয়ে স্যামুয়েলস-রাসেলরা যে আত্মবিশ্বাসের পারদ উঁচুতে নিয়ে গেলেন! সদ্য বোলিংয়ের ছাড়পত্র পাওয়া স্যামুয়েলস বল হাতেও দুই উইকেট পেয়েছেন সব পাওয়ার ম্যাচে।বাংলাদেশের ‘উপহারে’ সবচেয়ে বেশি খুশি নিঃসন্দেহে স্যামুয়েলস। একসময় বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই তাঁকে চিনত সবাই। কিন্তু ম্যাচ পাতানোর অভিযোগে দুই বছর শাস্তি কাটিয়ে দলে ফেরার পর যেন ফিরলেন আগের স্যামুয়েলসের ছায়া হয়ে। রান পাচ্ছিলেন, কিন্তু বোলারদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়া সেই স্যামুয়েলসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কাল ফিরলেন স্বরূপে। বিধ্বংসী কিছুর ইঙ্গিত ছিল শুরুতেই, উইকেটে যাওয়ার পরপরই আলাউদ্দিন বাবুকে টানা চারটি চার মারলেন। ৩৪ বলে ফিফটির পর একটু দেখে খেলা, শেষের দিকে আবারও ঝড়। আলাউদ্দিন বাবুকেই কভার-পয়েন্টের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন ৫৪ বলে।স্যামুয়েলস যে সময়টায় ইনিংস গড়ার কাজে মন দিয়েছিলেন, সেই সময়টায় রান বাড়ানোর কাজটা নিষ্ঠার সঙ্গে করেছেন রাসেল। এমনিতেই তিনি মারমুখী ব্যাটসম্যান, দুর্বল বোলিং পেয়ে কাল প্রথম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিলেন ৩২ বলে। চারটি ছয় মেরেছেন, সবগুলোই বোলারের মাথার ওপর দিয়ে। শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৬৪ রান।ইনিংসের চতুর্থ আর নিজের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে কেমার রোচকে ছয়, পরের বলে কাভারের ওপর দিয়ে চার—জুনায়েদ সিদ্দিকের শুরুটা মাঠের হাজার পাঁচেক দর্শককে উত্তাল করে দিয়েছিল। তবে মিইয়ে যেতেও সময় লাগেনি। স্যামিকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দ্বিতীয় ওভারেই। রকিবুল দুটি ছয় মেরে চেষ্টা করেছিলেন নিজেকে ভাঙার, কিন্তু বিশুর প্রথম বলেই স্কুপ মারতে গিয়ে বোল্ড। ব্যাটসম্যানের ছয়জনই দুই অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু ৩০ পেরোতে পারেননি কেউই, পারেননি বলের সঙ্গে তেমন পাল্লা দিতেও। দল নির্বাচন নিয়ে কিছু বলতে চাইলেন না অধিনায়ক শাহরিয়ার নাফীস। তবে দুই দিন আগের অলক কাপালির সঙ্গে কণ্ঠ মিলিয়ে বললেন, মূল সিরিজে সাকিব-রাজ্জাকরা যথেষ্টই ভোগাবেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। সত্য হবে কি না সময়ই বলবে, তবে এটা নিশ্চিত, দুটো প্রস্তুতি ম্যাচের বড় জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়েই মূল সিরিজে মাঠে নামবেন স্যামিরা। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৫/৩ (সিমন্স ১২, বারাথ ৪, স্যামুয়েলস ১০২*, রাসেল ৫৮, স্যামি ৭*; ফরহাদ ৪-০-৩৭-২, আলাউদ্দিন ৪-০-৪৭-০, কামরুল ২-০-২৬-০, শুভাগত ৩-০-৩১-১, মোমিনুল ৪-০-৩০-০, নাদিফ ৩-০-২৪-০)। বিসিবি একাদশ: ২০ ওভারে ১২০/৬ (জহুরুল ১, জুনায়েদ ১০, শাহরিয়ার ২৯, রকিবুল ২২, শুভাগত ১১, মমিনুল ১৭*, নাদিফ ১১, মিঠুন ১১*; রোচ ৩-০-২৫-০, স্যামি ৪-০-২৩-২, রাসেল ৪-০-২২-০, বিশু ২-০-১১-১, ব্রাফেট ৩-০-১৮-১, স্যামুয়েলস ৪-০-১৮-২)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে জয়ী।