স্যামুয়েলসের নতুন অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই স্যামুয়েলসই তো? প্রশ্নটা তুলে দিয়েছিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর ব্যাটিং। আর যা-ই হোক, তাঁর ব্যাটিংয়ের উপমায় ‘বিরক্তিকর’ বা ‘যন্ত্রণাদায়ক’ জাতীয় কোনো শব্দের ব্যবহার কখনোই হয়নি। বরং অতিরিক্ত শট...দেখনদারি ব্যাটিংয়ের জন্য গঞ্জনা সইতে হয়েছে অনেকবার। সেই ব্যাটসম্যানেরই কিনা ওয়ানডে সিরিজের চার ইনিংসে ৫৭ রান করতে লেগেছে ১৪০ বল! এই পরিসংখ্যানও স্যামুয়েলসের ব্যাটিংয়ের করুণ দশা বোঝাতে অসমর্থ।ক্যারিয়ারের শুরুতে কেউ কেউ তাঁকে বলছিলেন ‘পরবর্তী ভিভ রিচার্ডস।’ সেটি যে বেশি বলা হয়েছিল, তা বুঝতে বেশি সময় লাগেনি। কিন্তু এমন ব্যাটিং তো ‘স্যামুয়েলস’ নামটার জন্যও যথেষ্ট অপমানকর। মনে হচ্ছিল তিন বছরের বিরতি বুঝি তাঁর টেকনিক, স্ট্রোক খেলার ক্ষমতা, শৌর্য—সবই কেড়ে নিয়েছে। অবশেষে পরশু, তিন বছর পর তাঁর প্রথম টেস্ট ইনিংসে কিছুটা হলেও বুঝিয়ে দিলেন তিনি এখনো সেই স্যামুয়েলসই আছেন।এমন কিছু করে ফেলেননি। ৫৭ রান করতে বলও লেগেছে ১২৪টি, বর্তমান যুগের বিবেচনায় যেটিকে একটু বেশিই বলতে হবে। কিন্তু রান-বলের সংখ্যাই তো আর সবকিছু নয়। ব্যাটিংয়ের ধরনটাই মনে করিয়ে দিচ্ছিল পুরোনো স্যামুয়েলসকে। অন্য সব ক্যারিবিয়ান ব্যাটসম্যান যেখানে পাকিস্তানের স্পিন-রহস্যে দিশেহারা, সেখানে তিনি যথেষ্টই সাবলীল। সেই আত্মবিশ্বাসী ডিফেন্স, চোখ ধাঁধানো ড্রাইভ আর প্রয়োজনে শক্তির প্রদর্শনী। ‘স্টিভ ওয়াহর স্যামুয়েলস’ তাহলে বেঁচে আছেন!২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে যখন অস্ট্রেলিয়া গেলেন, জন্মভূমি জ্যামাইকার হয়ে তখনো কোনো প্রথম শ্রেণীর ম্যাচে খেলেননি। কিন্তু ওই সফরেই জয় করে নিলেন স্টিভ ওয়াহসহ আরও অনেকের মন। তিন টেস্ট খেলে করেছিলেন মাত্র একটি ফিফটি। কিন্তু ওই যে খেলার ধরন! ডিফেন্সেও বিচ্ছুরিত হতো আত্মবিশ্বাস। মুগ্ধ সিনিয়র ওয়াহ তাঁকে উপহার দিয়েছিলেন নিজের ‘গুডলাক’ লাল রুমাল। ব্যাটিংয়ের সময় সেই ‘আশীর্বাদ’ স্যামুয়েলস সঙ্গে রাখতেন সব সময়। ২০০২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৭৩ বলে সেঞ্চুরির পর সেই রুমালের টুকরা উঁচিয়ে ধরা ছবিটি গেঁথে আছে অনেকেরই স্মৃতির ফ্রেমে।টেস্টে ও ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরি-প্রতিভার প্রতি মোটেই সুবিচার নয়। অক্রিকেটীয় সমস্যাও কেড়ে নিয়েছে অনেকটা সময়। ২০০৮ সালে প্রশ্নবিদ্ধ হলো বোলিং অ্যাকশন। কদিন পর সততা। অর্থ নিয়ে বুকিদের তথ্য দেওয়ার অভিযোগে নিষিদ্ধ হলেন দুই বছরের জন্য। গত বছরের মাঝামাঝি শেষ হলো শাস্তির মেয়াদ। বিশ্বকাপের মাঝে ডোয়াইন ব্রাভোর চোট সুযোগ করে দিয়েছিল, কিন্তু নিজে থেকেই আসেননি। ঘরোয়া চার দিনের টুর্নামেন্টে (৯ ম্যাচে ৮৫৩) ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট (৬ ম্যাচে ২৫৩) সর্বোচ্চ রান করে তৈরি হয়ে তবেই ফিরেছেন।৩০ বছর বয়সে ক্যারিয়ারের নবজন্ম। এই অধ্যায়ের অভাবিত সাফল্যই কেবল পারে অতীতের গ্লানি আর আক্ষেপ ঘুচিয়ে দিতে। স্যামুয়েলস কি পারবেন?