স্যামুয়েলসের ‘লাকি’ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবারের সেঞ্চুরি আমার প্রধানমন্ত্রীর জন্য...!’নিজের সেঞ্চুরিগুলো উৎসর্গ করার নতুন একটা ধারা শুরু করেছেন মারলন স্যামুয়েলস। গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন সেঞ্চুরি করলেন, জ্যামাইকায় তখন প্রস্তুতি চলছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপনের। সেঞ্চুরিটা নিজের দেশ আর দেশবাসীকে উৎসর্গ করেছিলেন স্যামুয়েলস। খুলনার ২৬০ রানের ইনিংসটা নিজের দুই সন্তানকে। আর কালকের ইনিংসটা উৎসর্গ করলেন জ্যামাইকার প্রধানমন্ত্রী পোর্শিয়া সিম্পসন মিলারকে! টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফেরার পর জ্যামাইকার দুই নায়ক স্যামুয়েলস ও ক্রিস গেইলকে বীরোচিত সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই উৎসর্গ হয়তো সেটারই প্রতিদান!উৎসর্গ যাঁকেই করা হোক, ড্যারেন স্যামি কাল বিশেষ ধন্যবাদ জানাতেই পারেন স্যামুয়েলসকে। লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। কিন্তু স্যামুয়েলসের ইনিংসটা না হলে হয়তো কালই সিরিজ হারের যন্ত্রণায় পুড়তে হতো ক্যারিবিয়ানদের। দলের ২২৮ রানের ১২৬-ই তো এল স্যামুয়েলসের ব্যাট থেকে! স্যামুয়েলসের কাছে যদিও এটা স্রেফ দায়িত্ব পালন, ‘আমি এখন দলের সিনিয়র ক্রিকেটার, দায়িত্ব অনেক বেশি। আমার অবশ্য এতে সমস্যা নেই। বরং চাপটাকে আমি নিজের ওপর নিই, যাতে নিজের দায়িত্বের কথা মনে থাকে। আজ দলের প্রয়োজনে ভালো খেলতে পেরে আমি খুশি।’রুবেলের এক ওভারে ২৪ রান নেওয়াটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন অনেকে। স্যামুয়েলসের চোখে রুবেল দুর্ভাগা, ‘সেঞ্চুরি হয়ে গেছে, তখন বলে বলে রান চাই। ও প্রান্ত থেকে তখন যে-ই বোলিংয়ে আসত, আমি মারতাম। রুবেলের দুর্ভাগ্য, ওই প্রান্ত থেকে সে-ই এসেছে!’প্রথম দুই ওয়ানডেতে ‘সিনিয়র’ ক্রিকেটারের মান রাখতে পারেননি স্যামুয়েলস। তবে ঢাকায় ফিরেই ফিরে পেলেন নিজেকে। গত বছরের সিরিজেও প্রথম দুই ওয়ানডেতে ঢাকায় ৭১ ও ৮৮ রানের দারুণ দুটি ইনিংস খেলেছিলেন। মিরপুরকে কি তবে সৌভাগ্যের মাঠ মনে করেন? স্যামুয়েলস আরেক ধাপ এগিয়ে বললেন, ‘শুধু এই মাঠ কেন, বাংলাদেশই আমার জন্য লাকি জায়গা!’