স্যার ফার্গির রজতজয়ন্তী
মিউনিখ-ট্র্যাজেডির ধাক্কা যেন তখনো সামলে উঠতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৬৬-৬৭ মৌসুমে এসেছিল সর্বশেষ লিগ শিরোপা। এরপর দুই দশকের মধ্যেও লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি ম্যানইউ। দলের মধ্যে শৃঙ্খলার অভাব। তারকা খেলোয়াড়দের কেউ কেউ মদে আসক্ত। ম্যানইউ যেন ঝড়ে পড়া জাহাজ।সেই সময় শক্ত হাতে হাল ধরলেন। লিগের তলানিতে থাকা দলটাকে টেনে তুললেন কোনোমতে। ফিরিয়ে আনলেন কঠোর দলীয় শৃঙ্খলা। একটু সময় লেগেছিল গুছিয়ে নিতে। আগের অবস্থা বিবেচনায় নিলে যদিও খুব বেশি সময় নয়। দায়িত্ব নেওয়ার চতুর্থ বছরেই জেতালেন এফএ কাপ।১৯৮৬ সালের ৬ নভেম্বর স্কটল্যান্ড থেকে ‘জাদুর কাঠি’ নিয়ে ম্যানচেস্টার শহরে আসা ৪৫ বছরের মানুষটার বয়স এখন ৭০ ছুঁই ছুঁই। অনেক কিছুই পাল্টে গেছে। কিন্তু আজও পাল্টায়নি একটা ছবি। এখনো ম্যানইউর রাজা তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসনকে উঠে দাঁড়িয়ে একটা স্যালুট আপনি করতেই পারেন। আগামীকাল যে ম্যানইউতে তাঁর রাজত্বের ২৫ বছর পূর্তির দিন!‘হায়ার অ্যান্ড ফায়ার’ যেখানে ইংলিশ ফুটবলের কোচদের অবধারিত নিয়তি, সেখানে ফার্গুসন কাটিয়ে দিলেন এতগুলো বছর। কীভাবে? প্রশ্নটার উত্তর খুঁজতে তাঁর অর্জনগুলোর দিকে তাকালেই চলছে: দুটি চ্যাম্পিয়নস লিগ, ১২টি লিগ শিরোপা, পাঁচটি এফএ কাপ, চারটি লিগ কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ। হাবুডুবু খেতে থাকা একটি দলকে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব বানিয়েছেন। তাঁর জাদু এখানেই।রজতজয়ন্তী আগামীকাল। কিন্তু ম্যানইউ-সমর্থকেরা আজই উৎসব করে ফেলতে চায়। ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে আজ সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে ম্যানইউ। এমনিতে কিছুদিন ধরে যেন একটু ছন্দপতন। লিগে সর্বশেষ তিন ম্যাচে মাত্র চার পয়েন্ট পেয়েছে দল। এর মধ্যে আছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ১-৬ গোলে হারের লজ্জা। ফার্গুসন নিজেই যে পরাজয়টিকে বলেছেন তাঁর ক্যারিয়ারের জঘন্যতম। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচেও গালাতির মতো দলকে হারাতে ঘাম ছুটে গেছে। ২৫তম বার্ষিকীর আগে একটু কি টেনশনে স্যার ফার্গি?টেনশন! ফার্গুসন শুনলে হাসবেন। এই শব্দটাকে তিনি চিবিয়ে গিলে ফেলেন চুইংগামের সঙ্গে। আর তাই নিশ্চিত থাকুন, বড় উৎসবের রঙেই সাজতে চলেছে ওল্ড ট্রাফোর্ড। গত পাঁচবারের চারবারই লিগ শিরোপা ঘরে তুলেছে ম্যানইউ। তার পরও ফার্গুসনের ক্ষুধা কমেনি এতটুকু। ফার্গির শিষ্যদের মধ্যে সবচেয়ে পুরোনো রায়ান গিগস। ১৯৯০ সাল থেকে খেলে যাচ্ছেন। তিনিই সহজভাবে ব্যাখ্যা করেছেন ফার্গুসনের সাফল্যের রহস্য, ‘এখনো অনুশীলনে সবার আগে যে ব্যক্তিটা আসে, তিনি ফার্গুসন। সবার শেষে অনুশীলন মাঠ থেকে যিনি বেরোন, সেই ব্যক্তিটাও ফার্গুসন।’ইংলিশ লিগে আজ খেলা আছে আর্সেনাল, লিভারপুল আর এই মৌসুমের শীর্ষ দল ম্যান সিটির। তার পরও নিশ্চিতভাবেই চোখ থাকবে ম্যানইউর ওপর। স্যার ফার্গি যে আছেন! এএফপি।