স্রেফ আরেকটা ম্যাচ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনে মনে হতে পারে বিরাট কোহলি আর আজহার আলী বুঝি নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেই কথাটা বলেছেন। নইলে দুজনের বক্তব্য হুবহু একই রকম হয় কী করে!

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে দেশ ছাড়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলে এসেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা স্রেফ আরেকটা ম্যাচ!’ ঠিক একই কথা পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলীও বললেন ইংল্যান্ডে এসে—‘ভারতের বিপক্ষে ম্যাচটা তো স্রেফ আরও একটা ম্যাচ। এ নিয়ে এত মাতামাতির কিছু নেই!’

আসলেই কি তাই? এজবাস্টনে আজ দুই দলের ম্যাচটা চ্যাম্পিয়নস ট্রফির বাকি সব ম্যাচের মতোই? ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ক্রীড়া ইতিহাসেরই সেরা প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। পাকিস্তান কিংবা ভারতের যেকোনো সমর্থককে জিজ্ঞেস করুন, ধারণা পেয়ে যাবেন। এ ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টস এজবাস্টনে বসবাসরত প্রবাসী বেশ কিছু ভারত-পাকিস্তান সমর্থকের সঙ্গে কথা বলেছে। প্রায় সবাই বলেছেন, এটা তাঁদের কাছে যুদ্ধের মতো! তাদের দল চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারুক আর না-পারুক, এই ম্যাচে জিততেই হবে। প্রবাসী ভারতীয় বা পাকিস্তানিদেরই যখন এই অবস্থা, দেশে থাকা সমর্থকেরা কী ভাবেন, বুঝতেই পারছেন!

শুধুই আরও একটা ম্যাচ বলে আসলে কোহলি বা আজহাররা নিজেদের ওপর চাপটাই কমাতে চাইছেন। তাঁরাও জানেন, অন্য ম্যাচে হারলে যতটা সমালোচনা শুনতে হবে, এই ম্যাচে হারলে সমালোচনা হবে তার চেয়ে অনেক গুণ বেশি। দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক বৈরিতা আর ক্রিকেটীয় দ্বৈরথের ইতিহাস এটাকে এমনই এক স্নায়ুচাপের ম্যাচ বানিয়ে ফেলেছে।

দলীয় শক্তির বিচারে আজ সেই লড়াইয়ে ভারতেরই এগিয়ে থাকার কথা। একে তো তারা এ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। তার ওপর অধিনায়ক কোহলি আর কোচ অনিল কুম্বলের জুটি হওয়ার পর বছর দুয়েক ধরে অসাধারণ খেলছে ভারত। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সেই সাফল্য ওয়ানডেতেও টেনে আনতে না পারার কোনো কারণ নেই। একটা সময় বোলিংটাকে ভারতের দুর্বলতম জায়গা হিসেবে মনে করা হতো। মোহাম্মদ শামি-ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরারা সেটাও বদলে দিয়েছেন। সঙ্গে কোহলির আগ্রাসী নেতৃত্ব, ধোনি-যুবরাজদের অভিজ্ঞতা মিলিয়ে ভারত দারুণ ভারসাম্যপূর্ণ এক দল। সেই ভারসাম্যে ইদানীং অবশ্য একটু টানাটানি চলছে কোহলি-কুম্বলে দ্বন্দ্বের খবরে।

অন্যদিকে পাকিস্তান এ মুহূর্তে বেশ নড়বড়ে। গত বিশ্বকাপের পর ওয়ানডেতে পাকিস্তান সিরিজ হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। জিতেছে শুধু ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগই পায়নি। অন্য দল শ্রীলঙ্কাকে বলা হচ্ছে এ টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলগুলোর একটা। বাস্তবতাটা জানেন বলেই হয়তো সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি ভারতের বিপক্ষে ম্যাচটা সামনে রেখে বলে দিয়েছেন, ‘একজন পাকিস্তানি হিসেবে আমি পাকিস্তানের জয় চাই। তবে সাম্প্রতিক সময়ে ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে। এজবাস্টনের ম্যাচে কোহলিরাই এগিয়ে থাকবে।’

তবে কোহলি ভালো করেই জানেন, দলটা পাকিস্তান বলেই ওদের নিয়ে শেষ কথা বলা যায় না। যখন তাদের কেউ গোনায় ধরে না, তখনই তারা জ্বলে ওঠে সবচেয়ে বেশি। সরফরাজ আহমেদের দলের জন্য আরও আশার কথা হচ্ছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা কখনো জিততে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে আগের তিন লড়াইয়ে ভারতকে হারিয়েছে দুবার।

অবশ্য ম্যাচটা যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে, এসব পরিসংখ্যান মাথায় না রাখাই ভালো। এএফপি।