স্লিমানির স্বপ্ন
আলজেরিয়া থেকে ব্রাজিলের বিমানে উঠেই চোখ বুজেছেন। ঘুমের মাঝে চলে গেছেন স্বপ্নের দেশে। সেই স্বপ্নের দেশে বিচরণ চলছে এখনো। ইসলাম স্লিমানির ভয়, কেউ না আবার স্বপ্নঘুমটা ভািঙয়ে ফেলে!
বিশ্বকাপ শুরুর আগে তাদের নিয়ে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। কিন্তু রাশিয়া-দক্ষিণ কোরিয়াকে টপকে সেই দলটিই উঠে গেছে শেষ ষোলোতে। আফ্রিকার দেশটির এই স্বপ্নপূরণের নায়ক স্লিমানি। কোরিয়াকে ৪-২ গোলে হারানো জয়ে প্রথম গোলটি করেছিলেন স্লিমানি। পরের ম্যাচে রাশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়ে এনে দিয়েছেন মহামূল্য ১ পয়েন্ট। যে পয়েন্টেই আজ স্বপ্নের দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়া।
টানা দুই ম্যাচে গোল, দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ। স্লিমানি যেন আছেন স্বপ্নের ঘোরে। শিগগিরই এই ঘোর থেকে বের হতে চান না ২৬ বছর বয়সী স্ট্রাইকার, ‘অনুভূতিটা অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য। আমরা ব্রাজিল এসেছিলাম গ্রুপপর্ব উতরানোর স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নপূরণ করার পর গর্ব করতেই পারি। তবে এতটুকুতেই তৃপ্ত হতে চাই না। আমরা চাই এই স্বপ্নযাত্রা চলতেই থাকুক। চাই না কেউ আমাকে স্বপ্নঘুম থেকে জাগিয়ে তুলুক।’
দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ জার্মানি। তবে স্পোর্টিং লিসবন স্ট্রাইকার প্রেরণা খুঁজছেন ইতহাসে, ‘১৯৮২ বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই আমার দেশ হারিয়ে দিয়েছিল জার্মানিকে। তখন পারলে এখন কেন তেমন কিছুর স্বপ্ন দেখব না?’ ফিফাডটকম।