স্লেজিং ভালোই বাসেন অ্যান্ডারসন!
স্বয়ং স্টিভ ওয়াহ বলছেন, অস্ট্রেলিয়ানরা একটু বাড়াবাড়ি করছে এবার। স্লেজিংয়ের একটা বিহিত চান সুনীল গাভাস্কারও। ওদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম তো সুযোগ পেলেই ধুয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ানদের।
ব্রিসবেন টেস্টে লাগাম ছাড়া স্লেজিংয়ের পর এভাবেই অস্ট্রেলিয়ানদের দিকে ছুটে যাচ্ছে সমালোচনার তির। কিন্তু মজার ব্যাপার, এসব স্লেজিংয়ে কোনোই আপত্তি নেই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের শিকার হয়েও ইংলিশ পেসার এটাকে দেখছেন ‘খেলার অংশ’ হিসেবে। শুধু তা-ই নয়, তাঁর কাছে নাকি স্লেজিং একটা ‘দক্ষতা’। যে দক্ষতার গুণে তিনি নিজেও এমন বিধ্বংসী বোলার হয়ে উঠেছেন!
গ্যাবায় অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের সবচেয়ে বড় শিকার অ্যান্ডারসনই। মিচেল জনসন বোলিংয়ে আসার পর ব্যাটিংয়ে থাকা অ্যান্ডারসনকে ‘হাত ভাঙার জন্য প্রস্তুত হও’ বলে খোঁচা দিয়েছিলেন মাইকেল ক্লার্ক। পরে অবশ্য এমন আচরণের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ককে। অভব্য আচরণের কারণে অনেকের সমালোচনা শুনতে হলেও ইংল্যান্ডের ডেইলি মেইল-এ লেখা নিজের কলামে অ্যান্ডারসন অস্ট্রেলিয়ানদেরই সমর্থন দিয়েছেন, ‘মাঠে অস্ট্রেলিয়ানরা যা করছে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি মাঠে অনেকের চেয়ে বেশি স্লেজিং করি, স্বভাবতই আমাকে শুনতেও হয় সবচেয়ে বেশি। এটা হবেই এবং আমি এটা মেনেও নিয়েছি।’ শুধু খেলার অংশ নয়, স্লেজিংকে নিজের একটা বড় ‘অস্ত্র’ বলেও মনে করেন অ্যান্ডারসন, ‘মাঠে যা হয়েছে সেটা খেলারই অংশ। আমাদের কোনো খেলোয়াড় কিংবা কর্মকর্তা এ নিয়ে কোনো অভিযোগ করেনি। আমি তো মনে করি স্লেজিং আমার ভান্ডারে থাকা একটা অস্ত্রও। গত কয়েক বছরে আমি এটাকে একটা দক্ষতা হিসেবে গড়ে তুলেছি এবং এটা আমাকে অনেক উইকেট পেতে সাহায্য করেছে।’
ব্যাটিংয়ের সময় শর্ট লেগে থাকা ফিল্ডার জর্জ বেইলিকে নাকি মাথা গুঁড়িয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন অ্যান্ডারসন। ইংলিশ পেসারের বিরুদ্ধে টুইটারে এমন অভিযোগ তুলেছেন শেন ওয়ার্ন। নিজের কলামে এই অভিযোগের কোনো জবাব অবশ্য দেননি অ্যান্ডারসন। স্টাম্প মাইকে আরও শোনা গেছে, ব্যাটিংয়ের সময় অ্যান্ডারসন তাঁর সঙ্গী স্টুয়ার্ট ব্রডকে বলছেন—মিচেল জনসনের মুখোমুখি হতে চান না তিনি। অস্ট্রেলিয়ান পেসারকে ভয় পাচ্ছিলেন বলেই এমন কথা বলেছেন কি না কলামে সেই ব্যাখ্যাও দিয়েছেন অ্যান্ডারসন, ‘আমি যখন ১১ নম্বরে ব্যাট করতে নামি তখন এটাই স্বাভাবিক যে, অন্য প্রান্তে থাকা ব্যাটসম্যান বেশি বল খেলবে। আমার ব্যাটিং অর্ডারই তো বলে দিচ্ছে যে সে আমার চেয়ে ভালো ব্যাটসম্যান। কিন্তু জনসনের ভয়ে তার মুখোমুখি হতে চাইনি এটা একেবারে ফালতু কথা।’ ওয়েবসাইট।