স্লেজিংয়ের কথকতা

অ্যান্ডি রবার্টস যখন বল করতেন, তখন তাতে আগুন ঝরত। ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়িয়ে আতঙ্কে অস্থির হতেন। অথচ কী আশ্চর্য, বলটা ছুড়ে দিয়েই ক্যারিবীয় এই কিংবদন্তি বোলার হয়ে যেতেন একেবারেই শান্ত। মাঠে তিনি ব্যাটসম্যানদের গালি দিয়েছেন, উত্ত্যক্ত করেছেন—এমন অভিযোগ তুলতে পারবেন না কেউই। অথচ এখন রবার্টসদের মতো ফাস্ট বোলাররা যেন স্লেজিংকে নিয়েছেন তাঁদের খেলার অংশ হিসেবেই।
তাই বলে রবার্টস কী আগ্রাসি ছিলেন না? তাঁর মুখোমুখি হয়েছেন এমন কোনো ব্যাটসম্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে দেখুন, তাঁরা একবাক্যেই বলবেন, রবার্টস যতটা আগ্রাসি ছিলেন, তার ধারে-কাছে আসতে এখনকার বোলারদের অনেক কাঠখড় পোড়াতে হবে!
অ্যান্ডি রবার্টসের প্রসঙ্গটা এল ব্রিসবেন টেস্টের স্লেজিং বিতর্কের পর। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দুই দলের খেলোয়াড়দের ‘মুখ খারাপ’ করার প্রবণতা মনে করিয়ে দিয়েছে রবার্টসের মতো ‘নীরব ঘাতক’দের কথা। যাঁরা গালিগালাজ না করেই, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে আগ্রাসনের কৃত্রিম ঢেউ না তুলেই বারোটা বাজিয়ে দিতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।|
ব্রিসবেনের প্রসঙ্গেই চলুন ফিরে যাওয়া যাক ৬৭ বছর আগের এক টেস্ট ম্যাচে। এমনই এক অ্যাশেজ সিরিজ। ভেন্যু এই ব্রিসবেনই। ১৯৪৬ সালের ওই সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যক্তিগত ২৮ রানের মাথায় স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাট ছুঁয়ে আসা একটি বল স্লিপে তালুবন্দী করেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো জ্যাক আইকিন। ঘোর সংশয় থাকায় আম্পায়ার তাঁকে ‘নট আউট’ ঘোষণা করেন। কিন্তু ইংলিশদের জোর দাবি, নিশ্চিত আউট ব্র্যাডম্যান। এ ঘটনার পর ইংলিশ অধিনায়ক ওয়ালি হ্যামন্ড বলেছিলেন, ‘অ্যাশেজে এটি ... (প্রকাশে অযোগ্য শব্দ) শুরু করার ভালো পথ করে দিল।’ কি ‘শুরুর পথ’ করে দিল, দুর্বোধ্য নয়। তবে ওই ম্যাচে ব্র্যাডম্যান কত করেছিলেন জানেন? মোটে ১৮৭! ওই টেস্টের সর্বোচ্চ ইনিংস। আর অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ও ৩৩২ রানের ব্যবধানে।
এই ঘটনার পর ৬৭ বছর কেটে গেছে। অ্যাশেজে সেই ঝাঁজটা বোধ হয় রয়েই গেছে। ব্রিসবেনে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে কেবল ব্যাটে-বলেই পর্যুদস্ত করেনি যোজন-ক্রোশ পেছনে ফেলেছে কথার লড়াইয়েইও। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ব্রিসবেনেই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ‘হাত ভেঙে দেওয়া’র হুমকি দিয়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন। ব্যাপারটি আইনবিরুদ্ধ হলেও ক্লার্কের স্লেজিংয়েই নাকি ভড়কে গিয়েছিল ইংলিশরা—এ কথা বলেছেন অস্ট্রেলীয় পেসার মিচেল জনসনও। ইংলিশদের ‘ভড়কে যাওয়া’র লভ্যাংশ তো নিজে হাতে তুলেছেন তিনিও। তাঁর আগুনেও যে পুড়ে খাক হয়েছে ইংলিশ ব্যাটিং!
তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই মানে যে কেবল মুখযুদ্ধ, এমনটি ভাবার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মার্ভ হিউজ ও ইংলিশ ব্যাটসম্যান রবিন স্মিথ স্লেজিং জিনিসটাকে তো ইয়ার্কির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। হিউজকে স্মিথ বলতেন, ‘শুনছ মার্ভ, আমরা দারুণ এক জুটি। কারণ, আমি যেমন ভালো ব্যাট করতে পারি না, তুমিও পার না ভালো বল করতে!’
তবে চলতি অ্যাশেজ সিরিজ হয়তো ছাড়িয়ে যেতে পারে, অতীতের সবকিছুকেই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের আশঙ্কা, ‘এটি না আবার হাতাহাতি পর্যায়ে চলে যায়!’ তিনি ‘মুষ্টিযুদ্ধে’রও আশঙ্কা করছেন, ‘মুখের লড়াই হতে হতে পুরো ব্যাপারটিও মুষ্টিযুদ্ধে রূপ নিতে পারে।’
একটি কথা মনে না করিয়ে দিলেই নয়, আজকের ‘সুশীল’ এই ইয়ান চ্যাপেলই কিন্তু সত্তরের দশকে অধিনায়ক থাকাকালীন স্লেজিংকে অস্ট্রেলীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছিলেন!