স্লেজিংয়ের শেষ দেখতে চান গাভাস্কার
এটা সবারই জানা স্লেজিং অস্ট্রেলিয়ার বড় একটা অস্ত্র। ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করতেও অস্ত্রটা ভালোই কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু এবার বিষয়টিকে বরাবরের মতো সময়ের দ্রাবক থিতিয়ে নিতে পারছে না। চারদিক থেকে অস্ট্রেলিয়ানদের দিকে ছুটছে সমালোচনার তির।
গ্যাবায় একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে দলটি। মাত্রা ছাড়ানো এই আচরণটা মানতে পারছেন না অস্ট্রেলিয়ারই সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহসহ অনেকে। অস্ট্রেলিয়ানদের স্লেজিং নিয়ে বরাবরই উচ্চকণ্ঠ টেস্টের প্রথম ১০ হাজারি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও যোগ দিলেন সমালোচকদের মিছিলে।
গাভাস্কার চান, একটা বিহিত হোক স্লেজিং নিয়ে। খেলা রেখে অখেলোয়াড়ি আচরণ নিয়ে যাতে বেশি কথা বলতে না হয়, সে জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কঠোর হতে বলেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। মাঠে কেউ মাত্রা ছাড়ালে তাঁকে জরিমানা কিংবা নিষিদ্ধ করার আইন করতে বলছেন ভারতের সাবেক অধিনায়ক। ‘এটা খেলারই অংশ’—বহু ব্যবহূত বাক্যটি স্লেজিংয়ের জন্য প্রযোজ্য নয় বলেই মনে করেন গাভাস্কার, ‘আমি এটা মানতে রাজি নই যে কথার লড়াইটা ক্রিকেটের একটা অংশ। অন্তত আমি যে ক্রিকেট খেলেছি, সেখানে এর কোনো জায়গা ছিল না।’
মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কটা বড় হয়ে ওঠার ঘটনাও মেনে নিতে পারছেন না ১২৫ টেস্ট খেলা এই ক্রিকেটার, ‘মাঠে যে এত ভালো ক্রিকেট হলো, সবই হারিয়ে গেল বিতর্কের ডামাডোলে। কেউ আর জিজ্ঞেস করছে না ডেভিড ওয়ার্নার কত রান করেছে কিংবা মিচেল জনসন কতটা ভালো বল করেছে। এর বদলে শিরোনাম হচ্ছে যতসব তর্কযুদ্ধ ও খিস্তিখেউড়ের খবর। এটা আসলেই ক্রিকেট নয়।’ ওয়েবসাইট।