বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্লোভেনিয়া। আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের সূচনাটা স্মরণীয় করে রাখল সাবেক যুগোস্লাভিয়া থেকে আলাদা হওয়া দেশটি। অন্যদিকে ২৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া পোলোকোয়েনের মোকাবা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের হতাশই করেছে।আলজেরিয়া ও স্লোভেনিয়ার মধ্যকার খেলাটি দর্শকদের একেবারেই মন ভরাতে পারেনি। অপরিকল্পিত ও এলোমেলো ফুটবল বরং সবার বিরক্তিই উদ্রেক করেছে। খেলার ৭৯ মিনিটের সময় স্লোভেনিয়ার রবার্ট কোরেনের গোলটিই এই ম্যাচের সবচেয়ে বড় ঘটনা। কোরেনের গোলটি দেখে ইংল্যান্ডের গোলরক্ষক রবার্ট গ্রিন কিছুটা সান্ত্বনা খুঁজতে পারেন। কোরেনের শট আলজেরিয়ার গোলরক্ষক ফাউজি চাউচির হাত ফস্কে গোলে প্রবেশ করে। তবে গোল খাওয়ার ধরনে চাউচিরটি ছিল গতকালের গ্রিনের চেয়েও নিকৃষ্টমানের।গোল খাওয়ার ঠিক আগমুহূর্তে নিজেরাই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ আলজেরিয়া হেলায় হারায়। স্লোভেনিয়ার গোলরক্ষক সামির হানদানোভিচ মারকো সুলারকে বল দিতে গেলে তা এসে পড়ে করিম জিয়ানির পায়ে। ওয়ান টু ওয়ান স্থান থেকে গোল করার সহজ সুযোগটি হেলায় হারান করিম। খেলার ৭২ মিনিটের সময় আলজেরিয়ার আবদেল কাদের গেজ্জাল ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করার জন্য লালকার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন।এর আগে খেলার ৩৫ মিনিটের সময় স্লোভেনিয়ার জ্লাতকো দেদিচের একটি চমত্কার আক্রমণ সঙ্গীর অভাবে পরিপূর্ণতা পায়নি। ৩৬ মিনিটের সময় কর্নার থেকে আলজেরিয়ার রফিক হেলিচের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৪১ মিনিটের সময় করিম মাতমোরের একটি শট স্লোভেনিয়ার পোস্টের বাইরে দিয়ে চলে যায়।প্রথমার্ধে একবারই সত্যিকারের একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন ভালটার বিরসা। বিরতির ঠিক আগমুহূর্তে ডি-বক্সের কয়েক মিটার সামনে থেকে ভালটার বিরসার শট আলজেরিয়ার গোলরক্ষক ফাউজি চাউচি কোনোমতে ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।