স্লো ওভার রেট এবং...
প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করার বাধ্যবাধকতা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা দলই অমান্য করে যাচ্ছে। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ফিল্ডিং দলের অধিনায়ক ঘন ঘন বোলারের সঙ্গে পরামর্শ করেন, প্রতি বলেই ফিল্ডিং পরিবর্তন, বোলিং প্রান্তে বোলারের অন্য সতীর্থের সঙ্গে পরামর্শ—সময়ক্ষেপণ হয় নানাভাবে। এ জন্য অনেক সময় শাস্তিও হয় না। নির্লজ্জভাবে নিয়ম না মানা এবং সে জন্য শাস্তি না পাওয়ার জ্বলন্ত উদাহরণটি হতে পারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সর্বশেষ ওভাল টেস্ট। অস্ট্রেলিয়ার রানের গতিকে বেঁধে রাখতে ইংল্যান্ড বল করল ঘণ্টায় ১১ ওভার করে! কোনো শাস্তিও পেতে হয়নি। যদিও শেষ পর্যন্ত জয়বঞ্চিত হয়েছে তারাই।
ওভালের ঘটনাটা আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে। ক্রিকেটকে স্লো ওভার রেটের কবল থেকে মুক্ত করতে করণীয় কী হতে পারে, তা জানতে সম্প্রতি পাঁচ বিশেষজ্ঞের মুখোমুখি হয়েছিল ইএসপিএনক্রিকইনফো। অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল যেমন বলেছেন, অধিনায়ককে সঙ্গে সঙ্গেই নিষিদ্ধ করতে হবে, ‘আমি সেই ১৯৯১ সাল থেকেই বলে আসছি, দিনে নির্দিষ্ট পরিমাণ ওভার করতে না পারলে অধিনায়ককে দুই টেস্টের জন্য নিষিদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি, সমস্যাটি দূর করতে এটাই সেরা উপায়।’
জিওফ বয়কটের কথা, বর্তমানে ক্রিকেটারদের আয়রোজগার অনেক বেশি। কাজেই কাউকে ম্যাচ ফির ১০-১৫ শতাংশ জরিমানা করাটা কোনো কাজের কথা নয়। তাই তাঁর সুপারিশ, ‘প্রতি ধীরগতির ওভারের জন্য ১০ রান জরিমানা করতে হবে। ধরুন, আপনি ছয় ওভার কম বল করলেন এবং এক ওভারের জন্য যদি ১০ রান জরিমানা করা হয়, তাহলে প্রতিপক্ষকে আপনার ৬০ রান দিতে হবে। এমনটা হলে অবশ্যই এটা বন্ধ হবে।’
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো বলেছেন, ‘ডিআরএস পদ্ধতি বাতিল করতে হবে।’ আরেক কিউই ক্রিস মাটির্নের কথা, শাস্তি আরও বাড়াতে এবং শাস্তি বাস্তবায়নের বিষয়টি সুদৃঢ় করতে হবে। মার্টিনের কথাটাই একটু ঘুরিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও আম্পায়ার ডারিল হার্পার বলেছেন, শাস্তিটা হতে হবে এমন, যা ম্যাচে উল্টো প্রভাব ফেলবে! ওয়েবসাইট।