স্লোভাকদের নিয়ে চিন্তিত হল্যান্ড
প্রতিবারের ফেবারিট হল্যান্ড এবার আর অতীতের পুনরাবৃত্তি চায় না। অতীতে যেমন দলটি স্বপ্নের খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়েছে। ‘টোটাল ফুটবলে’র জনকেরা এবার শতভাগ জয়ের রেকর্ড নিয়েই দ্বিতীয় পর্বে খেলছে। আগেরবারের মতো চোখের জন্য সুখকর খেলা না খেললেও সাফল্যের জন্য ‘কার্যকর’ ফুটবলই খেলেছে হল্যান্ড গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। দ্বিতীয় পর্বের আজকের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে খেলতে নামার আগে বিশ্বকাপে নিজেদের দুঃখজনক অতীত নিয়েই বেশি ভাবছে হল্যান্ড। আত্মবিশ্বাসী, নির্ভার স্লোভাকিয়া দলটি নিয়েও কিছুটা শঙ্কিত ফন মারউইকের ডাচ দল।স্লোভাকিয়া দলকে ‘শক্ত’ প্রতিদ্বন্দ্বী হিসেবে অভিহিত করেছেন ডাচ ফুটবলার আরিয়েন রোবেন, ‘ইতালির বিপক্ষে ম্যাচটিতে স্লোভাকরা যেভাবে খেলেছে, তা খেলতে পারলে হল্যান্ডের জন্য অবশ্যই তারা শক্ত প্রতিপক্ষ।’ডাচ কোচ বার্ট ফন মারউইক স্লোভাকিয়া দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘স্লোভাকিয়া হালকাভাবে নেওয়ার দল নয়।’কোচ মারউইক হল্যান্ড দলের খেলায় মাঝেমধ্যে ছন্দপতন হচ্ছে বলে বেশ চিন্তিত। তিনি ডাচ খেলোয়াড়দের সাবধান করে দিয়ে বলেছেন, ‘ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়েরা যেসব ভুল করেছেন, তা স্লোভাকিয়ার বিপক্ষে করলে আর রক্ষা নেই।’ তিনি বলেছেন, ‘ইতালির বিপক্ষে ওই ম্যাচটি স্লোভাক ফুটবল সম্পর্কে আমাদের সবার ধারণাই পাল্টে দিয়েছে।’