স্লোভাকদের লক্ষ্য এবার হল্যান্ড
কয়েকজন মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, কেউ নিজেকে মাটিতে আছড়ে দিচ্ছেন, কেউ আনন্দে কাঁদছেন, কেউ সামনে যাকে পাচ্ছেন জড়িয়ে ধরছেন। ইতালিকে হারিয়ে দেওয়ার পর স্লোভাকিয়ার ফুটবলাররা যে বুঝে উঠতে পারছিলেন না, কীভাবে উদ্যাপন করবেন এই অভাবিত সাফল্য। ১৮ হাজার বর্গমাইলের ছোট্ট দেশটি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে, কেই বা ভেবেছিল!অন্যদের কথা না হয় বাদই দেওয়া গেল, তাঁরা নিজেরাই তো বিশ্বাস করতে পারছেন না নিজেদের কীর্তি। ইতালির বিপক্ষে ২ গোল করা রবার্ট ভিতেকের কণ্ঠে ছিল অবিশ্বাস, ‘বিশ্বকাপের আগে স্বপ্নেও আমরা এমন কিছুর কথা ভাবিনি। আমি প্রচণ্ড খুশি। সবাইকে আমরা দেখিয়েছি, আমরা কী পারি। এটা বিশাল একটা সাফল্য। স্লোভাকিয়ার ফুটবলটাকে আমরা অন্য পর্যায়ে নিয়ে গেছি।’দলের কোচ ভ্লাদিমির ভেইসের কাছে দিনটি ছিল তাঁর জীবনের দ্বিতীয় সেরা। তবে এত আনন্দের মাঝেও ইতালির মতো ফুটবল পরাশক্তির ব্যর্থতাটাও তাঁকে ছুঁয়ে গেছে একটু, ‘আমি সত্যিই ইতালির জন্য দুঃখিত, তবে আমাদের জন্য দিনটি ছিল অসাধারণ। দলকে নিয়ে আমি গর্বিত, সবাই তাদের সর্বোচ্চটা খেলেছে। আমার ছেলের জন্মের পর এই দিনটা আমার জীবনের দ্বিতীয় সেরা দিন।’ বিশ্বকাপে দলের সাফল্যে অবদান আছে ওই ছেলেরও। এই ম্যাচে খেলেননি, তবে আগের দুটো ম্যাচেই খেলেছেন সেই ছেলে, বাবার মতো যাঁর নামও ভ্লাদিমির ভেইস।ইতালিকে হারিয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ হল্যান্ডকেও চমকে দিতে চান স্ট্রাইকার ভিতেক, ‘আমাদের হারানোর কিছু নেই। বিশ্বকাপের আগে আমাদের কেউ গোনায় ধরেনি, কিন্তু আমরাই সবাইকে চমকে দিয়েছি। হল্যান্ড নিশ্চিতভাবেই ফেবারিট থাকবে, তবে আজকের মতো খেললে আশা করি হল্যান্ডকেও আমরা চমকে দিতে পারব।’ ২৮ জুন ডারবানের মোজেজ মাদিবা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে হল্যান্ড-স্লোভাকিয়া। এএফপি।