স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লোভাকিয়া ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল নেদারল্যান্ড। ইনজুরি কাটিয়ে মাঠে নেমেই চমক দেখালেন আরিয়েন রোবেন। ১৮ মিনিটেই গোল করে নেদারল্যান্ডকে এগিয়ে দেন রোবেন। স্লোভাকিয়ার দুজন ডিফেন্ডারকে কাটিয়ে চমত্কারভাবে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল পায়নি ডাচরা।দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে মাঠে নামে স্লোভাকিয়া। ৬৭ মিনিটে মিরোস্লাভ স্তচের দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেদারল্যান্ডের গোলরক্ষক স্টেকেলেনবার্গ। পরের মুহূর্তেই একদম ফাঁকায় বল পেলেও গোল করতে ব্যর্থ হন রবার্ট ভিতেক। ৭৮ মিনিটে আবারও ভিতেক নষ্ট করেন একটি সহজ গোলের সুযোগ। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েসলি স্নাইডার। দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে ডির্ক কিউটের পাস থেকে দ্বিতীয়বারের মতো স্লোভাকিয়ার জালে বল জড়ান স্নাইডার। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করার সুযোগ পায় স্লোভাকিয়া। পেনাল্টি থেকে গোলটি করেন রবার্ট ভিতেক।ইতালিকে হারিয়ে সবারই নজর কেড়েছিল বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা স্লোভাকিয়া। শেষ মুহূর্তের সান্ত্বনাসূচক গোলটি দিয়ে মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন স্লোভাক খেলোয়াড়েরা।