স্লোভানিয়া-যুক্তরাষ্ট্রের ম্যাচ ২-২ গোলে ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিল স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে চমত্কারভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোলই শোধ করে দেয় যুক্তরাষ্ট্র। খেলার ১৩ মিনিটের সময় দুরপাল্লার শট থেকে গোল করে স্লোভেনিয়াকে এগিয়ে দেন ভালটার বিরসা। ৪২ মিনিটে নোভাকোভিচের পাস থেকে জ্লাতান লুবিজাঙ্কিচ গোল করে ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ৪৮ মিনিটেই স্লোভানিয়া রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে একটি গোল শোধ করে দেন ল্যান্ডন ডোনোভান। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি যুক্তরাষ্ট্র। খেলার শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় জজি আলটিডোরের বাড়িয়ে দেওয়া বলে দূর থেকে দৌড়ে এসে গোল করেন মাইকেল ব্রান্ডলি। ৮৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে স্লোভেনিয়ার জালে বল জড়িয়েও দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মরিস এডু। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া।প্রথম ম্যাচে আলজেরিয়ার সঙ্গে জেতার পর এই ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত সি গ্রুপের শীর্ষে আছে স্লোভানিয়া। অপরদিকে আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করার পর এই ম্যাচটা হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠা বেশ কষ্টকরই হয়ে যেত যুক্তরাষ্ট্রের জন্য। ড্র করে সেই আশাটা জিইয়ে রাখল তারা। যুক্তরাষ্ট্র পরবর্তী খেলায় মুখোমুখি হবে আলজেরিয়ার বিপক্ষে আর স্লোভানিয়া খেলবে ইংল্যান্ডের সঙ্গে।