স্লোভেনিয়ার প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের গোলরক্ষক রবার্ট গ্রিনের ভুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডকে। আর কাল ফাউজি চাউচির ভুলে হেরেই গেছে আলজেরিয়া। রবার্ট কোরেনের দুর্বল শট গোলরক্ষক চাউচির হাত থেকে পিছলে জড়িয়ে যায় আলজেরিয়ার জালে। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্লোভেনিয়া।‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড আর যুক্তরাষ্ট্রকেই এগিয়ে রাখছে সবাই। আফ্রিকার দেশ আলজেরিয়া আর ইউরোপের স্লোভেনিয়াকে তাই তেমন মাতামাতি নেই। এই দল দুটিরও অকল্পনীয় কোনো আশা নেই। ১৯৮৬ সালের পর আবার বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া শুধু স্মরণীয় একটা অভিষেকেরই আশা করেছিল। আর ২০০২ বিশ্বকাপ খেলা স্লোভেনিয়া চাইছে, বিশ্বকাপে একটিও জয় না পাওয়ার ব্যর্থতাকে ঢাকতে। স্লোভেনিয়ার চাওয়াটাই পূরণ হলো। ২০০২ বিশ্বকাপে তিনটি ম্যাচেই হেরে যাওয়া স্লোভেনিয়া এবার নিজেদের প্রথম ম্যাচেই পেল জয়। নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয় তো পেলই, এক ম্যাচ শেষে গ্রুপ শীর্ষে এখন তারাই।’৯৮-এ ফ্রান্সকে একমাত্র বিশ্বকাপ জেতানো জিনেদিন জিদানের জন্ম আলজেরিয়াতেই। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা কাল মাঠে গিয়েছিলেন প্রিয় জন্মভূমিকে উৎসাহ জোগাতে। কিন্তু তাঁর উৎসাহ আলজেরিয়ার খেলোয়াড়দের খুব একটা প্রেরণা জোগাতে পারেনি বলেই মনে হয়। প্রায় পুরো ম্যাচেই অনুজ্জ্বল ছিল তারা। তার পরও স্লোভেনিয়াকে ৭৮ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রাখতে পেরেছিল আলজেরিয়া। তবে চাউচির ভুলের কারণে শেষ রক্ষা আর করতে পারেনি। চাউচির ভুলের আগে দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে ৫৮ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে আলজেরিয়ার আবদেলকাদের ঘেজ্জালকে।