সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় দেশের দ্রুততম দুই মানবকে

বর্তমান প্রজন্ম প্রায় ভুলতেই বসেছে তাঁদের। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। শাহ আলম ও মাহবুব আলম—দুজনই ছিলেন বাংলাদেশের ইতিহাসসেরা অ্যাথলেট। প্রথমজন সাফ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে পরপর দুবার রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন, হয়েছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব। পরেরজন সাফ গেমসেই ২০০ মিটার স্প্রিন্টে সোনা এনে দিয়েছিলেন দেশকে। বাংলাদেশের দুর্ভাগ্য, সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল এই দুই কীর্তিমান অ্যাথলেটকে।
আশির দশকে শাহ আলম ছিলেন আলোচিত অ্যাথলেট। সেনাবাহিনীর এই অ্যাথলেট প্রথম নজর কেড়েছিলেন ১৯৮৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথম সাফ গেমসে। সেবার বাংলাদেশ ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিল। শাহ আলম ছিলেন বাংলাদেশের সেই বিজয়ী দলের অন্যতম সদস্য। পরের বছর, ১৯৮৫ সালে ঢাকার দ্বিতীয় সাফ গেমস তাঁকে বানিয়েছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় তারকা। নতুন রেকর্ড (১০.৮০) গড়ে সাফ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে সোনা ছিনিয়ে এনেছিলেন তিনি। দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হয়ে দেশকে করেছিলেন গর্বিত। ১৯৮৭ সালে কলকাতায় তৃতীয় সাফে নিজের রেকর্ড ভেঙে গড়েছিলেন নতুন সাফ গেমস রেকর্ড (১০.৭৯)। সাফ অঞ্চলে স্প্রিন্টে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তাঁর মাধ্যমেই।
এই মে মাসেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল শাহ আলমকে। ১৯৯০ সালের ২৯ মে। ভয়ংকর একটা দিন। বাংলাদেশের খেলার ইতিহাসে শোকবিধূর এক দিন। নিজের জন্মস্থান মেহেরপুরের গাংনী উপজেলার সাহেব নগর থেকে শাহ আলম মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন বেইজিং এশিয়ান গেমসের ক্যাম্পে যোগ দিতে। পাবনার কাশিনাথপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান শাহ আলম। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি প্রাণ হারিয়েছিলেন কি না, সেটা জানা যায়নি। কারণ, তাঁর মৃতদেহ শনাক্তই হয়েছিল বেশ কয়েক ঘণ্টা পর।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেক ধূমকেতু মাহবুব আলম। নৌবাহিনীর অ্যাথলেট। ১৯৯৫ সালে বলা নেই কওয়া নেই ঝড়ের বেগে ২০০ মিটার স্প্রিন্টে মাদ্রাজ (চেন্নাই) সাফে সোনা জিতে ফেললেন মাহবুব। শাহ আলমের যোগ্য উত্তরসূরিকেই পেয়েছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফে ২০০ মিটার স্প্রিন্টে তাঁর সোনা হাতছাড়া হয়ে যায় ফটো ফিনিশে। ২০১০ সালে মাহবুবকেও কেড়ে নেয় সড়ক দুর্ঘটনা। কুমিল্লা থেকে মাইক্রোবাসে করে ঢাকা ফেরার পথে কাঁচপুরের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেই মাইক্রোবাসের। অন্য আরোহীরা প্রাণে বেঁচে গেলেও মাহবুবের মৃত্যু হয়েছিল সঙ্গে সঙ্গেই।