সড়ক দুর্ঘটনায় সিলেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলে সিলেটে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সিলেট বিভাগের ক্রিকেটাররা। ঢাকার ৮৩ কিলোমিটার পূর্বে ভৈরবের কাছে একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে খেলোয়াড় বা কোচিং স্টাফদের কেউই আহত হননি। গতকাল জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেটের শেষ ম্যাচটি ছিল রংপুরে। ওটা খেলেই বিকেলে তাঁরা রওনা হয়েছিলেন সিলেটের উদ্দেশে। আজ ভোর ৫টা ৩০ মিনিটে ভৈরবের কাছে একটি লরি তাঁদের বহনকারী বাসটিকে ধাক্কা দিলে তা সেতুর রেলিংয়ে গিয়ে আঘাত করে আটকে যায়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে সিলেট দলের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ বলেন, ‘খুব সম্ভবত ডান দিক থেকে লরিটি আমাদের বাসকে ধাক্কা দিয়েছিল। ঘন কুয়াশার মধ্যে বাসের ড্রাইভার বাসটি খুব আস্তে চালাচ্ছিলেন। আমরা প্রায় সবাই ঘুমিয়ে ছিলাম। অল্পের জন্য আমরা সবাই বেঁচে গেছি।’ দুর্ঘটনাকবলিত হয়ে বাসটি সেতুর রেলিংয়ে বিপজ্জনকভাবে ঝুলে ছিল বলেও তিনি জানান। দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেও সিলেট দলের কোনো খেলোয়াড়ই হরতালের কারণে বিকেল পর্যন্ত তাঁদের বাড়িতে পৌঁছাতে পারেননি। দুর্ঘটনার এক ঘণ্টা পর তাঁরা অন্য একটি বাসে উঠলেও কিছু দূর যাওয়ার পর তাঁরা হরতালকারী পিকেটারদের বাধার সম্মুখীন হন। এর পর থেকে তাঁরা ভৈরবের একটি রেস্তোরাঁয় আটকে ছিলেন বলে ক্রিকইনফোকে জানিয়েছিলেন রাজিন।