হংকং ওপেনে চোখ সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

প্রথমবার অংশ নিয়েই দারুণ কিছু করে ফেলবেন, এতটা আশা করা বাড়াবাড়িই।সিদ্দিকুর রহমানের জন্য এবারের গলফ বিশ্বকাপটা আক্ষরিক অর্থেই‘হারজিত বড় নয়, অংশগ্রহণই বড় কথা’র মতো।এর পরও প্রথম দিন ৬০ জনের মধ্যে ৩২ নম্বরে ছিলেন।সেটিও অনেক বড় প্রাপ্তি।অবশ্য তৃতীয় দিন শেষে সিদ্দিকুরের অবস্থান এখন ৫৮ নম্বরে।আজ পারের চেয়ে খেলেছেন ছয়টি বেশি শট।সব মিলিয়ে পারের চেয়ে ১২টি শট বেশি খেলেই একেবারে এত পেছনে ছিটকে গেলেন বাংলাদেশের এই গলফার।
মেলবোর্নে চলমান এই বিশ্বকাপটা সিদ্দিকুরের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এনে দেবে অভিজ্ঞতা অর্জনের দিক দিয়ে।এবারের বিশ্বকাপের ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, আগামী দিনে আরও অনেক শিরোপা জয়ের দিকেই নজর দিচ্ছেন এই তরুণ গলফার।
গলফ জগতে বাংলাদেশকে অনেক প্রথমের সঙ্গেই পরিচয় করিয়ে দিয়েছেন ২৯ বছর বয়সী সিদ্দিকুর। ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে জিতেছিলেন এশিয়ান ট্যুর। এই মাসের শুরুতে দ্বিতীয় শিরোপা হিসেবে জিতেছেন হিরো ইন্ডিয়ান ওপেন। সর্বশেষ চার বছর ধরেই তিনি আছেন এশিয়ার গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার পর এখন সিদ্দিকুরের নজর এশিয়ান ট্যুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হংকং ওপেনের শিরোপা জয়ের দিকে, ‘যত বেশি সম্ভব শিরোপা জেতাই আমার সব সময়ের লক্ষ্য। আর আশা করছি, হংকংয়ে আমি সেটা করতে পারব।’
২০১৩ সালের এশিয়ান ট্যুরের শেষ প্রতিযোগিতা এই হংকং ওপেন। তবে শেষ হাসি হাসার জন্য গতবারের শিরোপাজয়ী মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজের সঙ্গে জোর লড়াই চালাতে হবে সিদ্দিকুরকে। এক বছর আগে রেকর্ড গড়ে এই শিরোপা জিতেছিলেন স্প্যানিশ গলফার জিমেনেজ। চিনের লিয়াং ওয়েন-চং, ভারতের অনির্বাণ লাহিড়ী ও গগনজিত ভুলারও হতে পারেন সিদ্দিকুরের শক্ত প্রতিদ্বন্দ্বী।|
আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে হংকং ওপেন।

শুধুমাত্র ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যে কোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।