হংকং-ট্র্যাজেডি ভোলার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসানের হাসিমুখ বলল, হংকং ম্যাচের কষ্টের পাতাটা উল্টে এখন সামনে তাকানোর পালা। কাল ফতুল্লায় বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে । শামসুল হক
সাকিব আল হাসানের হাসিমুখ বলল, হংকং ম্যাচের কষ্টের পাতাটা উল্টে এখন সামনে তাকানোর পালা। কাল ফতুল্লায় বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে । শামসুল হক

আজ বাদে কাল দ্বিতীয় পর্বের খেলা। অথচ ‘হংকংয়ের কাছে হেরে কেমন লাগছে’ প্রশ্নটা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দলকে। কাল ফতুল্লা স্টেডিয়ামে এ প্রশ্নের উত্তরে অবশ্য যথেষ্ট সপ্রতিভ সাকিব আল হাসান, ‘আমাদের কাছে হারলে বড় বড় দলের যেমন লাগে, আমাদেরও তেমন লাগছে।’
‘তেমন লাগা’টা কত যে যন্ত্রণার, তা ফতুল্লা স্টেডিয়ামে সাকিবদের কালকের অনুশীলন দেখেই মোটামুটি বোঝা গেছে। হারার পর দুই দিন বিশ্রামে কাটালেও কাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা চলেছে অনুশীলন। লম্বা ওয়ার্মআপের পর ওপেন নেট, ক্লোজ নেট, নক করা, সেন্টার উইকেটের ব্যাটিং মিলিয়ে একেকজন ব্যাটসম্যান ব্যাটিং প্র্যাকটিস করলেন ঘণ্টা খানেক। কাঠফাটা রোদে ভেতরের যন্ত্রণা গলিয়ে ফেলতে চাওয়ার চেষ্টা। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন খেলায় নতুন আশায় দাঁড়ানোর আগে হংকং-ট্র্যাজেডি ভোলার ওষুধ কি পাওয়া গেল ফতুল্লার দীর্ঘ অনুশীলনে?
আঙুলের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া রুবেলের জায়গায় আসা জিয়াউর রহমান কাল যোগ দিয়েছেন অনুশীলনে। ছিলেন মাশরাফি বিন মুর্তজাও। ওয়ার্মআপ করেছেন, ছয় ওভার বলও করেছেন। ব্যথা সঙ্গী ছিল সবকিছুতেই। তবে ফিজিও বিভব সিং মাশরাফির ব্যাপারে আরেকটু সময় নিতে চান।
দলকে সঞ্জীবনী জোগানোর চেষ্টাটা পরশু রাত থেকেই চলছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান কয়েকজন বোর্ড কর্মকর্তাকে নিয়ে নৈশভোজে বসেছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, কোচ শেন জার্গেনসেন এবং অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে। আলোচনায় সভাপতি টিম ম্যানেজমেন্টকে বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করেন। তবে একটা ব্যাপারে কোচ-অধিনায়কের ব্যাখ্যায় সবাই কমবেশি বিস্মিত। বোর্ড থেকে আগেই পরিষ্কার বার্তা দেওয়া আছে, যারা পারফর্ম করবে না, তাদের যেন দলের বাইরে রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে সেই বার্তা মানা হচ্ছে না কেন—জানতে চাইলে কোচ-অধিনায়কের কথায় ফুটে উঠেছে ‘মানবিকতা’। সভায় উপস্থিত এক বোর্ড কর্মকর্তার ভাষ্য, ‘কাউকে বাদ দেওয়া হলে তারা কী মনে করবে..., তাদের যদি মন খারাপ হয়...এসব কারণেই নাকি খারাপ খেললেও কাউকে বাদ দেওয়া হচ্ছে না।’ বিচিত্র যুক্তি সন্দেহ নেই।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ সুপার টেনে উঠলেও হংকংয়ের কাছে হারটা বহু বহুদিন কাঁটার মতো বিঁধবে বাংলাদেশের ক্রিকেটকে। তার ওপর এসব অদ্ভুত ব্যাখ্যায় হতাশা কেবলই বাড়ে। তবে সাকিবের টোটকা মানলে সব কষ্ট সহ্য হয়ে যাওয়া উচিত সবার। বিশ্বকাপ শুরুর আগে বলা কথাটাই কাল আবারও মনে করিয়ে দিয়ে বললেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বলেছিলাম, আমরা যেন খুব বেশি প্রত্যাশা না করি। প্রত্যাশা না করে খেলাটা উপভোগ করা ভালো। আমাদের সমর্থন করবেন। খারাপ খেললে অবশ্যই সমালোচনা করবেন। তার পরও সমালোচনাগুলো যেন গঠনমূলক থাকে।’
তবে সাকিবও স্বীকার করেছেন, হংকংয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশের হার মেনে নেওয়ার মতো নয়। তাই বলে বাংলাদেশের ক্রিকেট ওখানেই থেমে গেছে বলেও মনে করেন না, ‘উন্নতি না হলে এত ভালো ক্রিকেট আমরা খেলতাম না, বিশ্বকাপ এখানে হতো না, আপনারা এতজন সাংবাদিকও এখানে আসতেন না। সব দিক থেকেই উন্নতি আছে।’ হংকংয়ের কাছে হারকে সেই উন্নতির পথেরই একাংশ মনে হচ্ছে তাঁর কাছে, ‘এটা উন্নতির অংশ। দু-একটা ম্যাচ তো হারবই। সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করি সব ম্যাচই যেন জিতি।’
সুপার টেনে অবশ্য তেমন সাফল্য দেখা একটু কঠিনই। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারত অস্ট্রেলিয়ার মতো প্রতিদ্বন্দ্বী এখানে। তবে হারার আগেই না হেরে সাকিব এই ম্যাচগুলোকে নিতে চান চ্যালেঞ্জ হিসেবে, ‘আমার মনে হয় খুবই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। চারটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলা। একই সঙ্গে এটা বড় দলগুলোর সঙ্গে খেলার একটা চ্যালেঞ্জও আমাদের জন্য। আমাদের ম্যাচ জেতার সামর্থ্য প্রমাণের সুযোগ।’ সঙ্গে বললেন আরেকটা চ্যালেঞ্জের কথাও, ‘নিজেদের সেরাটা খেলা—আমার কাছে মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্য দলগুলোর একজন খেলোয়াড়ই পারে ম্যাচ জেতাতে। আমাদের সে রকম খেলোয়াড় কম। পুরো দলকেই ভালো খেলতে হয়। এই সময়ে কতটা ভালো খেলতে পারি সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জ।’
সাকিবের বিশ্বাস, এই চ্যালেঞ্জ জিততে দলের আত্মনিবেদনের কোনো অভাব নেই। শুধু কারোটা বাইরে থেকে বোঝা যায়, কারোটা যায় না।