হংকং সিক্স-এ-সাইডে খেলবে বাংলাদেশ
জাতীয় দল তখন হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৩০ অক্টোবর ‘এ’ দলও যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই দুই দলে যাঁরা সুযোগ পাবেন না, তাঁদের জন্যও আছে সুখবর। আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর আইসিসি অনুমোদিত হংকং সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় এবং ‘এ’ দলের বাইরে থাকা ৭ ক্রিকেটার।হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত হংকং সিক্স-এ-সাইডে বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দল থাকবে সাতটি—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ১২ দলের টুর্নামেন্টে আরও খেলবে চীন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও স্বাগতিক হংকং দল। বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় এবং ‘এ’ দলের বাইরে থাকা সাত ক্রিকেটারকে নিয়ে গঠিত হবে হংকং সিক্স-এ-সাইডের বাংলাদেশ দল। দলের সঙ্গে পাঠানো হবে একজন ম্যানেজারও।ওদিকে দুটি চার দিনের, তিনটি এক দিনের এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ৩০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।