হংকংকে উড়িয়ে দিয়ে জিতল আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজাদের অর্ধশতক উদযাপন। ছবি: সৌরভ দাশ
শাহজাদের অর্ধশতক উদযাপন। ছবি: সৌরভ দাশ

ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় শূন্য। টি-টোয়েন্টিতে এই ম্যাচের আগ পর্যন্ত ছিল ৭.৮০। ঘরোয়া ওয়ানডেতে ৬। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে ৮! সেই শফিকুল্লাহর আজ যেন অন্য রুপে আবির্ভাব হলেন। খেললেন ২৪ বলে অপরাজিত ৫১ রানের দারুণ এক ইনিংস। তবে শফিকুল দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেও মূল কাজটি করে দিয়েছেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। মূলত শফিকুল-শাহজাদের সৌজন্যেই হংকংয়ের বিপক্ষে আফগানরা পেয়েছে ৭ উইকেটের বড় জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে ও হল্যান্ডকে হারিয়ে রীতিমত চমকেই দিয়েছিল বাংলাদেশের গ্রুপসঙ্গী হংকং। কিন্তু মূল মঞ্চে হংকংকে বাস্তবতার জমিনে টেনে আনল বাংলাদেশের অপর দুই গ্রুপসঙ্গী নেপাল ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উভয় দলের কাছে বড় ব্যবধানে হেরেছে হংকং।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করে হংকং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫৩। ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানরা শুরুতেই ওপেনার নাজিব তারাকাইকে হারালেও এরপর বেশ সাবলীলভাবেই এগিয়ে যায় ইনিংস। শাহজাদের ৬৮ ও শফিকুল্লাহর অপরাজিত ৫১ সহজ জয় এনে দেয় আফগানদের। ১২ বল বাকি থাকতেই আফগানিস্তান জিতে যায় ৭ উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে ম্যাচ সেরা শাহজাদ।
এ জয়ে দুই ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে আফগানিস্তানের অবস্থান তিনে আর চারে হংকং। তবে এখনো শীর্ষে রয়েছে নেপাল আর বাংলাদেশ দুইয়ে। তবে বাংলাদেশ-নেপাল ম্যাচের পর বোঝা যাবে, কোন দল থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে।