হংকংয়ের চোখ রাঙানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে শূন্য রানেই ফিরেছেন তামিম ইকবাল
জন্মদিনে শূন্য রানেই ফিরেছেন তামিম ইকবাল

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে হংকং অধিনায়ক জেমি অ্যাটকিনসনের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে শুরুতেই  হংকংয়ের পেসার তানভির আফজালের জোড়া আঘাত। তানভিরের বলে জন্মদিনে শূন্য রানেই ফিরেছেন তামিম ইকবাল। কিছুক্ষণ পর এলবিডব্লুর ফাঁদে ফেলে ২ রান করা সাব্বির রহমানকেও ফেরান তানভির। প্রথম ওভারে মাত্র ৩ রানেই বাংলাদেশের ২ উইকেট শেষ।

এরপর প্রাথমিক বিপর্যয় সামাল দেন এনামুল হক ও সাকিব আল হাসান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪৮। নাদিম আহমদের বলে বোল্ড হওয়ার আগে এনামুল করেছেন ২৬। মুশফিক-সাকিবের চতুর্থ উইকেট জুটিতে ৩৪ আশা জোগায় এক সময়। ইরফান আহমদের বলে সাকিব প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৩৪। দলকে বিপর্যয়ে রেখে মুশফিক ফেরেন ২৩ করে।

উইকেট ছুড়ে আসার মিছিলে একে একে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন অতঃপর আল আমিন। নাসির অপরাজিত ছিলেন ১৪ রানে। ১০.৩ ওভারে ৩ উইকেটে ৮৫ থেকে ১৬.৩ ওভারে ১০৮ রানে অলআউট। শেষ ৩০ বলে মাত্র ২৩ রানে ৭ উইকেট পড়েছে বাংলাদেশের! হংকংয়ের ফিল্ডাররা সহজ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে বাংলাদেশের ১০০ পার হতো কি না, কে জানে! হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নাদিম আহমেদ।

বাজে ব্যাটিংয়ের পর এখন বোলিংয়ের দিকে চেয়ে আছে বাংলাদেশ। বোলাররা না জ্বলে উঠলে রান রেটের কঠিন মারপ্যাঁচে বাংলাদেশের ‘সুপার টেনে’ ওঠা কঠিন হয়ে যেতে পারে।