প্রতিপক্ষ হংকং বলেই স্বস্তিটা বেশি ছিল বাংলাদেশের। এর আগে তিনবারের সাক্ষাতেই যে হেরেছে হংকং। বাংলাদেশের জয় তিনটিও ছিল বড় ব্যবধানে—৬-১, ৫-১ ও ৩-১। কিন্তু কাল এএইচএফ কাপের প্রথম ম্যাচে হংকং একটা সময় ৩-২ করে চাপেই ফেলে দিয়েছিল জিমিদের। শেষ পর্যন্ত জয়টা এসেছে ঘাম ঝরিয়েই—৪-২ গোলে। মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদ জিমি করেছেন দুটি করে গোল।
প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে চয়নের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে চয়নই দ্বিগুণ করেন ব্যবধান। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ৩-০ করেন জিমি। প্রথমার্ধের শেষ মিনিটেই হংকং ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৩-১ করেন টিসাং কিন কান। ৪২ মিনিটে সিউ চুং মিংয়ের ফিল্ড গোলে সমতায় ফেরার স্বপ্ন দেখতে শুরু করে হংকং (৩-২)। শেষ পর্যন্ত ৫২ মিনিটে জিমির ফিল্ড গোলে স্বস্তি ফেরে বাংলাদেশ দলে।
ম্যাচের আগে হংকংয়ের কিংস পার্কের মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। ম্যাচ শেষে এমন পারফরম্যান্সের জন্য প্রস্তুতির অভাবকেই দায়ী করলেন অধিনায়ক জিমি, ‘এই মাঠে আমরা অনুশীলন করতে পারলে মাঠ সম্পর্কে আরেকটু ধারণা পেতাম। এখানে বল রিসিভিংয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে।’ বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ চীনা তাইপে। কাল গ্রুপের অন্য ম্যাচে চীনা তাইপে ২-০ গোলে হারিয়েছে ম্যাকাওকে।