হকি কোচের স্পনসর অর্থ কমল
জাতীয় হকি দলের কোচের জন্য গত বছর ৯০ লাখ টাকা দিয়েছিল জনতা ব্যাংক। এবার সেই অর্থ কমে ৫০ লাখে দাঁড়াল। এই টাকা তারা দেবে আগামী এক বছর জাতীয় দলের কোচের বেতন এবং আনুষঙ্গিক খরচ বাবদ।
ব্যাংকের ব্যবসা গত বছর একটু খারাপ হওয়ার কারণেই নাকি টাকার অঙ্ক কমেছে। তবে আগামী এক বছরের জন্য গতকাল নতুন করে দুই পক্ষের সমঝোতা স্মারক অনুষ্ঠানে জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বললেন, ‘আমরা হয়তো এ বছর টাকা একটু কম দিচ্ছি। এর অর্থ এই নয়, এটাই শেষ। ভবিষ্যতে নিশ্চয়ই টাকা বাড়তে পারে।’
গত বছর মার্চে প্রথম চুক্তি হয়েছিল জনতা ব্যাংকের সঙ্গে। তার পরই জাতীয় দলের কোচ হিসেবে পাকিস্তানের নাভিদ আলমকে নিয়ে আসে হকি ফেডারেশন। নাভিদের সঙ্গে গত এক বছরের চুক্তি শেষ গত জুনে। আগামী মাসে এশিয়ান গেমস পর্যন্ত নাভিদকে আপাতত রেখে দেওয়া হয়েছে। এশিয়াডের পর তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত।
প্রথম এক বছর নাভিদ মাসিক বেতন পেয়েছেন সাড়ে তিন হাজার ডলার। এর পর ৫০০ ডলার বাড়ানো হয়েছে। এশিয়াডের পর নাভিদের সঙ্গে চুক্তি বাড়ানো হলে ব্যাংকের স্পনসরশিপ অর্থ পুরোটাই তাঁর বেতন বাবদ খরচ হবে। সে ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ মেটাতে এ বাবদ আরও অর্থ লাগবে ফেডারেশনের।
কোচ এবং আনুষঙ্গিক খরচ মেটাতেই হিমশিম খায় হকি ফেডারেশন। খেলোয়াড়েরা তেমন কিছুই পান না জাতীয় দলে খেলে। সুযোগ-সুবিধাও সে অর্থে বাড়েনি। টাকা কিন্তু কমবেশি আসছে এখন। তার পরও সুযোগ-সুবিধা প্রত্যাশিতভাবে না বাড়ার কারণ হিসেবে অর্থসংকটকেই বড় করে দেখালেন বিওএ অডিটোরিয়ামে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী। উপস্থিত ছিলেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সাদেক প্রমুখ।