হকি কোচ কার্টজ বহিষ্কার
‘চুক্তির শর্ত ভঙ্গ’ করায় হকি কোচ অলিভার কার্টজকে গতকাল বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশনের ওয়ার্কিং কমিটি। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক আভাস দিয়েছেন, এই বহিষ্কারাদেশই বরখাস্তের সিদ্ধান্তে রূপ নেওয়াটা সময়ের ব্যাপার। বাংলাদেশের হকির সঙ্গে জার্মান এই কোচের বিচ্ছেদ আসলে হয়েই গেছে।
আগামী ১২-২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ২ জুন থেকে। ফেডারেশনের অভিযোগ, ক্যাম্প শুরুর পর থেকেই কোচের আর কোনো হদিস নেই। তা ছাড়া প্রশিক্ষণ শিবিরের জন্য ফেডারেশনের নির্বাচক কমিটির নির্বাচিত খেলোয়াড় তালিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। যা ফেডারেশনের চোখে চুক্তির বরখেলাপ। গত বছরের সেপ্টেম্বর মাসে হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপে কার্টজ কাজ করেছেন কোনো চুক্তি ছাড়াই। প্রায় ছয় মাস চুক্তি ছাড়াই কাজ করা এই জার্মান কোচের সঙ্গে ফেডারেশন চুক্তি করে গত জানুয়ারিতে। চুক্তির মেয়াদ ছিল এ বছরের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তত দিন আর থাকা হলো না তাঁর।